শনিবার ৩০ মে, ২০২৬

ক্ষমতায় এসে একটি ভঙ্গুর অর্থনীতি পেয়েছি: গণপূর্তমন্ত্রী

রাইজিং কুমিল্লা প্রতিবেদক

Rising Cumilla - We came to power with a fragile economy-Public Works Minister
ক্ষমতায় এসে একটি ভঙ্গুর অর্থনীতি পেয়েছি: গণপূর্তমন্ত্রী/ছবি: প্রতিনিধি

কুমিল্লার বরুড়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে অংশ নিয়ে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন বলেছেন, আওয়ামী লীগ সরকারের সময় ব্যাপক লুটপাটের কারণে দেশের অর্থনীতি দুর্বল হয়ে পড়েছে।

গৃহায়ণমন্ত্রী বলেন, “আমরা ক্ষমতায় এসে একটি ভঙ্গুর অর্থনীতি পেয়েছি। দেশের সার্বিক অবস্থার উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। মাত্র তিন মাসেই সরকার জনগণের কল্যাণে বিভিন্ন ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছে।”

শনিবার বরুড়ার ঝলম স্কুল অ্যান্ড কলেজ মাঠে একেএম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “ব্যাংক খাতে বর্তমানে অর্থসংকট রয়েছে। আওয়ামী লীগ প্রায় ছয় লাখ কোটি টাকা ব্যাংক থেকে নিয়ে গেছে। এগুলো জনগণের অর্থ। প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য সবাই দোয়া করবেন, যেন তিনি দেশকে এগিয়ে নেওয়ার কাজে সফল হতে পারেন।”

দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে প্রায় পাঁচ হাজার মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। শতাধিক বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় পরামর্শ এবং বিনামূল্যে ওষুধ প্রদান করেন।

সকাল থেকেই চিকিৎসাসেবা নিতে নারী, পুরুষ ও শিশুদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। আয়োজকরা জানান, স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত ও অসচ্ছল মানুষের দোরগোড়ায় চিকিৎসা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে বরুড়া উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনি এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন