শুক্রবার ২৮ আগস্ট, ২০২৬

কুমিল্লা হবে দেশের অন্যতম সেরা শহর: এমপি মনিরুল হক চৌধুরী

রাইজিং কুমিল্লা প্রতিবেদক

Rising Cumilla - Cumilla will become one of the countrys best cities- MP Monirul Haque Chowdhury
কুমিল্লা হবে দেশের অন্যতম সেরা শহর: এমপি মনিরুল হক চৌধুরী/ছবি: সংগৃহীত

কুমিল্লার উন্নয়নে বিগত সময়ে কেউ যথেষ্ট কাজ করতে পারেনি উল্লেখ করে কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেছেন, গত তিন মাসে কুমিল্লার বেসিক উন্নয়ন কাজে যে অগ্রগতি হয়েছে, তা গত ৩০ বছরেও হয়নি।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে কুমিল্লা ক্লাবে আয়োজিত এক সংবর্ধনা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি মনিরুল হক চৌধুরী বলেন, দীর্ঘদিনের প্রচেষ্টার পর কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) গঠন হয়েছে। পাশাপাশি মাত্র তিন মাসের মধ্যেই কুমিল্লা ওয়াসা গঠনের কাজ সম্পন্ন হয়েছে এবং বর্তমানে এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিকল্প নতুন মহাসড়ক নির্মাণ প্রকল্পের কাজও অনেক দূর এগিয়েছে। এ বিষয়ে শুক্রবার মন্ত্রণালয়ের প্রতিনিধিরা কুমিল্লা পরিদর্শনে আসবেন বলেও তিনি উল্লেখ করেন।

এছাড়া প্রধানমন্ত্রী ২০ কোটি টাকা বরাদ্দ দেওয়ায় ঢাকা-কুমিল্লা রেলপথের কাজ অচিরেই শুরু হবে বলে আশা প্রকাশ করেন সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।

তিনি আরও বলেন, কুমিল্লা বিমানবন্দরও শিগগিরই চালু হতে যাচ্ছে। একই সঙ্গে বিমানবন্দরের সীমানা প্রায় ৩০০ বর্গকিলোমিটার পর্যন্ত সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলে কুমিল্লা অচিরেই দেশের অন্যতম সেরা শহরে—‘ওয়ান অব দ্য বেস্ট সিটি’-তে পরিণত হবে বলে তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে এমপি মনিরুল হক চৌধুরী, কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম এবং কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান উদবাতুল বারী আবুকে ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়।

এসময় জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমিরুজ্জামান আমির।

আরও পড়ুন