
কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) গতকাল শনিবার (১৯ অক্টোবর) এই সফল অভিযান পরিচালনা করে।
বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে জব্দ করা পণ্যের সিজার মূল্য প্রায় এক কোটি ৫০ লাখ টাকা। এই পণ্যের মধ্যে রয়েছে বিপুল সংখ্যক ভারতীয় অবৈধ মোবাইল ডিসপ্লে।
এছাড়াও, অভিযানে আরও এক কোটি চার লাখ টাকা মূল্যের ভারতীয় উন্নতমানের শাড়ি, খাদ্যসামগ্রী ও আতশবাজি জব্দ করা হয়েছে। সবমিলিয়ে জব্দকৃত পণ্যের মোট মূল্য প্রায় দুই কোটি চুয়ান্ন লাখ টাকা।
সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান এ বিষয়ে বলেন, ‘সীমান্তে নিরাপত্তা রক্ষা এবং সকল প্রকার চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।’ তিনি আরও বলেন, ‘এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব অবৈধ ভারতীয় পণ্য জব্দ করা হয়।’
তিনি জানান, জব্দ করা এই বিপুল পরিমাণ অবৈধ পণ্য পরবর্তী সময়ে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করার পর কাস্টমস গুদামে জমা দেওয়া হবে।









