
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলাকে মিথ্যা ও হয়রানিমূলক দাবি করে তা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় নবীনগর সদরে সাবেক ও বর্তমান বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ মিছিলটি আধুনিক সমবায় সুপার মার্কেটের সামনে থেকে শুরু হয়ে সালাম রোড প্রদক্ষিণ করে নবীনগর থানা ফটকের সামনে এসে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এসব মামলা প্রত্যাহারের দাবি জানান। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। বিষয়টি বর্তমানে নবীনগরের রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
মামলার শিকার নেতাদের মধ্যে রয়েছেন নবীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সহসভাপতি ও সাবেক পৌর মেয়র মাঈন উদ্দিন মাঈনু, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সদস্য হযরত আলী এবং ছাত্রদল নেতা রাসেলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী।
বিক্ষোভকারীদের অভিযোগ, গত জাতীয় সংসদ নির্বাচনের সময় নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নের একইছড়া গ্রামে বিদ্যুতের শর্টসার্কিট থেকে বিএনপির কার্যালয় ও কয়েকটি দোকানে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে দীর্ঘ নয় মাস পর বিএনপি, ছাত্রদল ও যুবদলের অসংখ্য নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাঁরা এসব মামলাকে মিথ্যা, হয়রানিমূলক ও রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ বলে দাবি করেন।
বক্তারা বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে নেতাকর্মীদের হয়রানি করা কোনোভাবেই কাম্য নয়। অবিলম্বে এসব মামলা প্রত্যাহার এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন করতে হবে।
নবীনগর পৌর যুবদলের সাবেক আহ্বায়ক আলী আজ্জমের সঞ্চালনায় প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মফিজুল ইসলাম মুকুল।
সভাপতির বক্তব্যে মফিজুল ইসলাম মুকুল বলেন, ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, হযরত আলী, মাঈন উদ্দিন মাঈনু ও ছাত্রদলের অসংখ্য নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার করতে হবে। একই সঙ্গে এসব ষড়যন্ত্রের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
তিনি আরও বলেন, “অবিলম্বে এসব মামলা প্রত্যাহার করা না হলে নবীনগরে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।”
এ সময় উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা জাতীয়তাবাদী তরুণ দলের আবু সায়িদ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক রুবেল আক্রাম, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আপেল মাহমুদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক তফিকুল ইসলাম তপু, উপজেলা শহীদ জিয়া পরিষদের সাধারণ সম্পাদক টিপু সুলতান, নবীনগর সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদ হাসানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।








