
কুমিল্লা নগরীর কোতয়ালী মডেল থানা এলাকার অশোকতলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জালনোটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার (২৮ মে) বিকেলে র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক মিঠুন কুমার কুন্ডু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার অশোকতলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র্যাবের একটি আভিযানিক দল।
অভিযান চলাকালে মোট ১ লাখ ৯৭ হাজার ৬০০ টাকা সমমূল্যের জালনোট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত নোটের মধ্যে ৫০০ টাকার ২০২টি এবং ২০০ টাকার ৪৮৩টি জালনোট রয়েছে।
এ সময় জালনোট ব্যবসায়ী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন— নোয়াখালী সদর উপজেলার লক্ষীনারায়ণপুর এলাকার গোলাম হোসেনের ছেলে নিশান ইসলাম (২৭) এবং কুমিল্লার মুরাদনগর উপজেলার পাথুরিয়াপাড়া এলাকার মৃত খবির মিয়ার ছেলে সোহেল আরমান (৪৪)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জালনোট ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন বলে জানিয়েছে র্যাব।
র্যাবের দাবি, তারা দীর্ঘদিন ধরে কুমিল্লাসহ দেশের বিভিন্ন এলাকায় জালনোট সরবরাহ করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। বিশেষ করে পবিত্র ঈদুল আযহাকে কেন্দ্র করে কোরবানির পশুর হাট ও বিভিন্ন মার্কেটে জাল টাকা ছড়িয়ে প্রতারণার পরিকল্পনা ছিল তাদের।
এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।








