সোমবার ১ জুন, ২০২৬

কুমিল্লা ইপিজেড বর্জ্য দূষণ: ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের আশ্বাস পরিবেশ মন্ত্রীর

রাইজিং কুমিল্লা ডেস্ক

কুমিল্লা ইপিজেড বর্জ্য দূষণ: ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের আশ্বাস পরিবেশ মন্ত্রীর
কুমিল্লা ইপিজেড বর্জ্য দূষণ: ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের আশ্বাস পরিবেশ মন্ত্রীর/ছবি: সংগৃহীত

কুমিল্লার বিজয়পুর মহিলা কলেজ মাঠে কুমিল্লা ইপিজেডের বর্জ্য প্রাকৃতিক খালে ছড়িয়ে পড়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩১ মে) বিকেলে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বন ও পরিবেশ উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু

সভায় মন্ত্রী বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে এবং এ বিষয়ে প্রয়োজন হলে তিনি প্রধানমন্ত্রীর দপ্তরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন, এমনকি প্রয়োজনে আদালত পর্যন্ত যাওয়ার প্রস্তুতির কথাও জানান। তিনি বলেন, পরিবেশ রক্ষায় তিনি তার দায়িত্ব সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পালন করবেন।

তিনি আরও বলেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য সুস্থ পরিবেশ অপরিহার্য। ইপিজেড এলাকার বর্জ্যে প্রাকৃতিক খাল দূষিত হওয়ায় তিনি উদ্বেগ প্রকাশ করেন এবং দ্রুত বিষয়টি সমাধানের আশ্বাস দেন। আগামী সপ্তাহের মধ্যে ইপিজেড কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে বলেও জানান তিনি।

পরিবেশ উপদেষ্টা বলেন, “গুংইঙ্গাজুরি খালের পানি দেখে আমি খুবই মর্মাহত হয়েছি। এমন পরিবেশ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।” তিনি আরও বলেন, ইপিজেড কোন মন্ত্রণালয়ের অধীনে তা বিবেচ্য নয়—মানুষ ও পরিবেশের ক্ষতি বন্ধ করাই মূল লক্ষ্য।

এ সময় তিনি ক্ষতিগ্রস্ত কৃষকদের উদ্দেশে বলেন, পরিবেশ সুরক্ষার দায়িত্ব তার ওপর রয়েছে এবং তিনি তা যথাযথভাবে পালন করবেন। প্রয়োজনে স্থানীয় জনগণকে বিষয়টি নজরদারিতে রাখার আহ্বানও জানান তিনি।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-৬ (সদর, সদর দক্ষিণ) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, কৃষক প্রতিনিধি এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

আরও পড়ুন