
কুমিল্লা ৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরীর সাথে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবুর কুমিল্লা উন্নয়ন শীর্ষক একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় নগরীর মনির টাওয়ারস্থ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবুকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এমপি মনিরুল হক চৌধুরী।
দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমিরুজ্জামান ভুঁইয়ার সভাপতিত্বে এবং মহানগর বিএনপি নেতা সোহেল মজুমদারের সঞ্চালনায় সভায় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াশিম, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ভুঁইয়া স্বপন, কৃষকদলের সভাপতি মোস্তফা জামান, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোজাহিদ চৌধুরী, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আকতার হোসেন, ৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক শিল্পী, মহানগর যুবদলের আহ্বায়ক পাভেলুর রহমান, সাবেক কাউন্সিলর খলিলুর রহমান মজুমদার, বিএনপি নেতা হানিফ মিয়া, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক-১ আতিক সেলিম রুবেল এবং দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবিরসহ অনেকে।
সভায় কুমিল্লা উন্নয়ন নিয়ে বক্তব্য দিতে গিয়ে এমপি মনিরুল হক চৌধুরী বলেন, “কুমিল্লা দীর্ঘদিন ধরে কাঙ্খিত উন্নয়নের ছোঁয়া লাগেনি। অপরিকল্পিত নগরায়ন কুমিল্লাকে অকেজো করে দিয়েছে। মোটকথা কুমিল্লা পচে গেছে। কুমিল্লা পৌরসভার বয়স ১৭৫ বছর। সিটি করপোরেশন হয়েছে এক যুগেরও বেশি সময়। কিন্তু এতো সময় পরেও সিটি করপোরেশনের সীমানা এক ইঞ্চিও বৃদ্ধি করেনি। এ দায় কুমিল্লার নেতারা এড়াতে পারেনা। এখন সময় এসেছে আমি এমপি, ইয়াছিন সাহেব মন্ত্রী, আবু উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যান, টিপু সিটি করপোরেশন প্রশাসক সমন্বয় করে কুমিল্লার উন্নয়নে কাজ করা।”
তিনি আরও বলেন, “কুমিল্লা এখন মাদকে সয়লাব। মাদক নিয়ন্ত্রণ করতে না পারলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। সবার উচিত তরুণ প্রজন্মকে বাঁচাতে মাদকমুক্ত কুমিল্লা গড়তে হবে।”
সভায় তিনি আরও উল্লেখ করেন, “কুমিল্লার উন্নয়ন ও সমৃদ্ধির প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ হতে হবে। উন্নয়ন যেখানে আমি সেখানে। উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যান ও সিটি করপোরেশন প্রশাসক উন্নয়নের জন্য যেখানে ডাকবে সেখানেই একজন কর্মী হিসেবে হাজির হবো।”
সভায় মহানগর ও জেলার নেতৃবৃন্দ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের কাছে বিভিন্ন দাবি ও প্রস্তাব উপস্থাপন করেন।
কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমার উপর আস্থা রেখে আমাকে এ দায়িত্ব দিয়েছে৷ আমি পুঙ্খানুপুঙ্খভাবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে চাই। কুমিল্লার এখন প্রধান যে সমস্যা তা হলো জলাবদ্ধতা। আমার প্রথম কাজ হবে এমপি মহোদয় ও সিটি করপোরেশন প্রশাসকের সমন্বয়ে জলাবদ্ধতা নিরসনসহ কুমিল্লার সমস্যাসমূহ চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে সমাধানে কাজ করা।”
সভায় বক্তারা কুমিল্লার উন্নয়ন পরিকল্পনা, জলাবদ্ধতা নিরসন এবং নগর ব্যবস্থাপনা উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।










