
ঐতিহাসিক জুলাই শহীদ দিবস উপলক্ষে কুমিল্লায় জেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় নগরীর টাউনহল মাঠে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
কর্মসূচির সূচনা করেন কুমিল্লার জেলা প্রশাসক মিজ রোজী আক্তার। পরে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা পুলিশ, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ (কুক), কুমিল্লা সিটি করপোরেশন, জেলা পরিষদ, জেলা সিভিল সার্জন কার্যালয়, কেন্দ্রীয় কারাগার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, গণপূর্ত অধিদপ্তর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), পরিবেশ অধিদপ্তর, বন বিভাগ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

এ সময় কুমিল্লার পুলিশ সুপার আনিসুজ্জামান, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপুসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এছাড়া কুমিল্লা মহানগর বিএনপি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জেলা ও মহানগর শাখা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বিপ্লবী জুলাই যোদ্ধা কেন্দ্রীয় সংসদ, জুলাই শহীদ পরিবারের সদস্য, আহত জুলাই যোদ্ধা এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদদের স্মরণ করেন।
নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও কর্মসূচিতে অংশ নিয়ে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
দিবসটি উপলক্ষে পুষ্পস্তবক অর্পণের পাশাপাশি আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। বক্তারা জুলাই গণ-অভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের অবদান স্মরণ করেন এবং তাঁদের আত্মত্যাগের তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।








