বুধবার ১ জুলাই, ২০২৬

কুমিল্লায় নতুন উপজেলা হিসেবে অনুমোদন পেল ‘বাঙ্গরা’

নিজস্ব প্রতিবেদক

RisingCumilla - Ministry of Public Administration
ছবি: রাইজিং কুমিল্লা সম্পাদিত

কুমিল্লার প্রশাসনিক মানচিত্রে যুক্ত হতে যাচ্ছে নতুন উপজেলা ‘বাঙ্গরা’। প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২১তম বৈঠকে মুরাদনগর উপজেলাকে বিভক্ত করে নতুন এই উপজেলা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে।

বুধবার (১ জুলাই) সচিবালয়ে অনুষ্ঠিত নিকারের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে আরও দুটি নতুন উপজেলা—চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর এবং ময়মনসিংহের পাগলা উপজেলা গঠনের পাশাপাশি চট্টগ্রামে হালদা নামে একটি নতুন থানা প্রতিষ্ঠার অনুমোদন দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, নিকারের বৈঠকে প্রশাসনিক সুবিধা ও জনসেবার মান উন্নয়নের লক্ষ্যে এসব নতুন উপজেলা ও থানা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিকারের সিদ্ধান্ত অনুযায়ী, কুমিল্লার মুরাদনগর উপজেলাকে বিভক্ত করে ‘বাঙ্গরা’ উপজেলা গঠন করা হবে। এছাড়া চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ৬টি ইউনিয়ন নিয়ে ফটিকছড়ি উত্তর উপজেলা এবং ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার ৮টি ইউনিয়ন নিয়ে পাগলা উপজেলা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে।

একই বৈঠকে চট্টগ্রামের হাটহাজারী থানাকে বিভক্ত করে ‘হালদা থানা’ প্রতিষ্ঠার সিদ্ধান্তও গৃহীত হয়েছে।

এদিকে, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) বাস্তবায়নাধীন পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পের আওতাধীন নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার প্রকল্পভুক্ত অংশগুলো প্রশাসনিকভাবে ঢাকা জেলার অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

নিকারের বৈঠকে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, গৃহায়নমন্ত্রী জাকারিয়া তাহের, জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন