
কুমিল্লা নগরীর বিসিক শিল্পনগরী এলাকায় চানাচুর, বেকারি পণ্য, মিষ্টি ও চিপসে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহারের দায়ে একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি করায় প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত আদর্শ সদর উপজেলার বিসিক শিল্পনগরী এলাকায় খাদ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা গেছে, মুসলিম সুইটস অ্যান্ড বেকারিতে চানাচুর, বেকারি পণ্য, মিষ্টি ও চিপসে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। যা হাতে -নাতে ধরা পরে।
এ ছাড়া প্রতিষ্ঠানটিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী তৈরি করা হচ্ছিল। পরে এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার মিয়া। এ সময় নিরাপদ খাদ্য পরিদর্শক ও স্যানিটারি ইন্সপেক্টর মো. আবুল কালাম আজাদ, কুমিল্লা জেলা পুলিশের একটি দল এবং অফিস সহকারী ফরিদা ইয়াসমিন উপস্থিত ছিলেন।
অভিযান শেষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম সংশোধনের সুযোগ দেওয়ার পাশাপাশি সতর্ক করা হয়।
এ বিষয়ে সহকারী পরিচালক মো. কাউছার মিয়া জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষা, পণ্যের সঠিক পরিমাপ নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।










