
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুলিশের অভিযানে একটি কাভার্ডভ্যান থেকে ৪২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৩ মে) সকাল সাড়ে ৬টার দিকে কসবা পৌরসভার টি আলীর মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানা পুলিশের একটি দল এলাকায় অভিযান চালিয়ে একটি কাভার্ডভ্যান আটক করে। পরে গাড়িটি তল্লাশি করে ৪২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মো. দবিরুল ইসলাম প্রকাশ রাজিব নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার দবিরুল ইসলামের বাড়ি ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর প্রকাশ লক্ষীপুর গোয়ালপাড়া এলাকায়। তিনি মো. আব্দুল হকের ছেলে।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে এর আগেও দুটি মামলা রয়েছে।
উদ্ধারকৃত মাদক ও কাভার্ডভ্যান আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।





