বৃহস্পতিবার ১৪ মে, ২০২৬

এপ্রিল মাসে সড়কপথেই ৫২৭ দুর্ঘটনায় প্রাণহানি ৫১০ জনের

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla - Passenger Welfare Association
ছবি: রাইজিং কুমিল্লা সম্পাদিত

দেশে গেল এপ্রিল মাসে সড়ক, রেল ও নৌপথ মিলিয়ে মোট ৫৮৬টি দুর্ঘটনায় ৫৬৩ জন নিহত এবং ১ হাজার ২৭৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

প্রতিবেদনে বলা হয়, শুধু সড়কপথেই ৫২৭টি দুর্ঘটনায় ৫১০ জন নিহত এবং ১ হাজার ২৬৮ জন আহত হয়েছেন।

এছাড়া রেলপথে ৫৪টি দুর্ঘটনায় ৪৯ জন নিহত ও ১১ জন আহত হন। নৌপথে ৫টি দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে।

বুধবার সংগঠনটির প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়।

প্রতিবেদন অনুযায়ী, মোটরসাইকেল সংশ্লিষ্ট দুর্ঘটনার হারও আশঙ্কাজনক। এপ্রিল মাসে ১৩৯টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৪২ জন নিহত এবং ১২৪ জন আহত হয়েছেন।

বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে চট্টগ্রাম বিভাগ-এ। সেখানে ১৩৫টি দুর্ঘটনায় ১৩৭ জন নিহত ও ২৬৩ জন আহত হয়েছেন। অন্যদিকে সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে ময়মনসিংহ বিভাগ-এ। এ বিভাগে ১৭টি দুর্ঘটনায় ১৮ জন নিহত ও ৬৪ জন আহত হন।

দুর্ঘটনায় জড়িত যানবাহনের মধ্যে মোটরসাইকেলের হার ২১ দশমিক ৮৬ শতাংশ। এছাড়া ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান ২৬ দশমিক ৪৫ শতাংশ, বাস ১৪ দশমিক ২৮ শতাংশ এবং ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইকের হার ১৫ দশমিক ২৭ শতাংশ।

দুর্ঘটনার ধরন বিশ্লেষণে প্রতিবেদনে বলা হয়, ৪১ দশমিক ১৭ শতাংশ দুর্ঘটনা সংঘর্ষজনিত। এছাড়া ২৩ দশমিক ৭১ শতাংশ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়া এবং ২৮ দশমিক ০৮ শতাংশ গাড়িচাপা বা ধাক্কার ঘটনা।

প্রতিবেদনে স্বাক্ষরকারী সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, সড়ক পরিবহন খাতে কাঠামোগত সংস্কার এখন সময়ের দাবি। তিনি পরিবহন ব্যবস্থাপনায় দক্ষ বিশেষজ্ঞদের সম্পৃক্ততা, প্রযুক্তিনির্ভর নজরদারি এবং ফিটনেস ও লাইসেন্সিং ব্যবস্থার কঠোর বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

প্রতিবেদনে দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে অদক্ষ চালক, ফিটনেসবিহীন যানবাহন, ট্রাফিক আইন অমান্য, উল্টোপথে চলাচল এবং মহাসড়কে অবৈধ যানবাহনের উপস্থিতিকে দায়ী করা হয়েছে।

দুর্ঘটনা কমাতে ১৩ দফা সুপারিশও দিয়েছে সংগঠনটি। এর মধ্যে রয়েছে আধুনিক প্রযুক্তির ব্যবহার, দক্ষ চালক তৈরি, মহাসড়কে পর্যাপ্ত আলোকসজ্জা, রোড সাইন স্থাপন এবং পরিবহন খাতে সুশাসন নিশ্চিত করা।

আরও পড়ুন