
আর্জেন্টাইন ফুটবলভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। আগামীকাল বুধবার (১৭ জুন) মাঠে নামছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন বিশ্বকাপ অভিযানের সূচনা করবে লিওনেল স্কালোনির দল।
স্বাভাবিকভাবেই ম্যাচটিতে সবচেয়ে বেশি আলোচনায় থাকবেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি ও স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ। তবে দুই দলের বেশ কয়েকজন তরুণ ফুটবলারও নিজেদের সামর্থ্য প্রমাণের সুযোগ পাবেন এই ম্যাচে।
২০২২ সালের কাতার বিশ্বকাপে ৩৬ বছরের শিরোপাখরা ঘুচিয়ে তৃতীয়বারের মতো বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। সেই ঐতিহাসিক সাফল্যের কেন্দ্রবিন্দুতে ছিলেন মেসি। পুরো টুর্নামেন্টজুড়ে তার দুর্দান্ত পারফরম্যান্স এবং সতীর্থদের নিবেদিতপ্রাণ লড়াই আর্জেন্টিনাকে এনে দেয় কাঙ্ক্ষিত সোনালি ট্রফি।
তবে চার বছর পর পরিস্থিতি কিছুটা বদলে গেছে। বর্তমানে ৩৮ বছর বয়সী মেসি খেলছেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে। ফলে ফুটবলপ্রেমীদের মনে এখন বড় প্রশ্ন—আগের মতোই কি তিনি আবারও দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে পারবেন?
মেসি-আলভারেজের পাশাপাশি নজরে তরুণরা
কাতার বিশ্বকাপে নিজের প্রতিভার ঝলক দেখানো হুলিয়ান আলভারেজ এখন অনেক বেশি পরিণত। আক্রমণভাগে মেসির অন্যতম নির্ভরতার নাম তিনি। পাশাপাশি মাঝমাঠ ও রক্ষণভাগেও রয়েছে অভিজ্ঞ ও ভারসাম্যপূর্ণ সমন্বয়।
এবারের দলে সুযোগ পাওয়া তরুণদের মধ্যে নিকো পাজ ও থিয়াগো আলমাদা বিশেষভাবে আলোচনায় রয়েছেন। নিজেদের মেধা ও সামর্থ্য দিয়ে বড় মঞ্চে জায়গা পাকাপোক্ত করতে মুখিয়ে আছেন তারা।
কোচ লিওনেল স্কালোনি ইতোমধ্যে মেসিকে কেন্দ্র করে এবং মেসিকে ছাড়াও ভিন্ন দুটি কৌশলগত পরিকল্পনা তৈরি করেছেন। তবে বিশ্বকাপজয়ী এই কোচ জানেন, বড় মঞ্চে সাফল্য পেতে মেসির সেরা পারফরম্যান্সের বিকল্প খুব কমই আছে।
আলজেরিয়ার ভরসা মাহরেজ ও মাজা
অন্যদিকে আর্জেন্টিনার প্রথম প্রতিপক্ষ আলজেরিয়াও মাঠে নামবে আত্মবিশ্বাস নিয়ে। দলটির সবচেয়ে বড় তারকা রিয়াদ মাহরেজ। বয়স বাড়লেও তার বাঁ পায়ের জাদু এখনো প্রতিপক্ষের জন্য বড় হুমকি।
মাহরেজের পাশাপাশি নজর থাকবে ২০ বছর বয়সী প্রতিভাবান ফুটবলার ইব্রাহিম মাজারের দিকে। ড্রিবলিং, গতি ও সৃজনশীল ফুটবলের জন্য ইতোমধ্যেই আলোচনায় উঠে এসেছেন তিনি। তরুণ এই তারকার কাছ থেকে বড় কিছু প্রত্যাশা করছে আলজেরিয়া।
গোলপোস্টের নিচে দায়িত্বে থাকবেন লুকা জিদান। কিংবদন্তি জিনেদিন জিদানের ছেলে ইতোমধ্যে আলজেরিয়ার প্রথম পছন্দের গোলরক্ষক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। এছাড়া র্যামি বেনসেবাইনি ও রায়ান আইত-নুরির মতো অভিজ্ঞ ডিফেন্ডারদের উপস্থিতি আলজেরিয়ার রক্ষণভাগকে করেছে আরও শক্তিশালী।
সব মিলিয়ে কানসাস সিটিতে আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচটি হতে যাচ্ছে অভিজ্ঞতা, তারকা শক্তি এবং তরুণ প্রতিভার এক আকর্ষণীয় লড়াই। ফুটবলপ্রেমীদের চোখ এখন সেই মহারণের দিকেই।










