বুধবার ২৬ আগস্ট, ২০২৬

কুমিল্লা নগরীর রাজগঞ্জ ও মনোহরপুরে ভোক্তা অধিদপ্তরের অভিযান, জরিমানা ৪২ হাজার

রাইজিং কুমিল্লা প্রতিবেদক

Rising Cumilla -Consumer Rights Directorate conducts raids in Comilla citys Rajganj and Manoharpur.
কুমিল্লা নগরীর রাজগঞ্জ ও মনোহরপুরে ভোক্তা অধিদপ্তরের অভিযান, জরিমানা ৪২ হাজার

কুমিল্লা মহানগরের রাজগঞ্জ বাজার ও মনোহরপুর এলাকায় অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে মোট ৪২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

ভোক্তা অধিদপ্তর কুমিল্লা কার্যালয় জানায়, অভিযানে মনোহরপুর এলাকার ‘আনন্দ সুইটস অ্যান্ড কনফেকশনারি’কে মেয়াদোত্তীর্ণ বেকারি পণ্য বিক্রি এবং পচা-বাসি খাদ্যপণ্য একসঙ্গে সংরক্ষণের দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া রাজগঞ্জ বাজারের ‘প্রিমিয়াম সুইটস’কে নিষিদ্ধ বিদেশি পণ্য বিক্রি ও ওজনে কারচুপির অভিযোগে ২০ হাজার টাকা এবং ডিমের আড়ত তদারকির সময় মূল্যতালিকা প্রদর্শন না করায় ‘ফয় ডিমের আড়ত’কে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে তিন প্রতিষ্ঠানকে মোট ৪২ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়েছে।

অভিযানে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার মিয়া ও অফিস সহকারী ফরিদা ইয়াসমিন উপস্থিত ছিলেন। অভিযানে কুমিল্লা জেলা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করে।

এ বিষয়ে কুমিল্লার সহকারী পরিচালক মো: কাউছার মিয়া জানান, ভোক্তা অধিকার লঙ্ঘনের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে ৪২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য প্রতিষ্ঠানগুলোর মালিকদের সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও পড়ুন