
ঢাকা ফিল্ম ক্লাব আয়োজিত দুই দিনব্যাপী ‘১ম কুমিল্লা চলচ্চিত্র উৎসব ২০২৬’-এর তারিখ ও ভেন্যু পুনর্নির্ধারণ করা হয়েছে। পূর্বঘোষিত ২৮ ও ২৯ আগস্টের পরিবর্তে আগামী ২৪ ও ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে উৎসবটি।
আয়োজকদের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, কুমিল্লা কে-স্ক্রিন সিনেপ্লেক্সের পরিবর্তে এবার উৎসবের আয়োজন করা হবে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে।
দুই দিনব্যাপী এ উৎসবে ৭টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, ৪টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে। পাশাপাশি চলচ্চিত্র বিষয়ক সেমিনার এবং দেশের বরেণ্য চলচ্চিত্র শিল্পী, কলাকুশলী ও সাংবাদিকদের সম্মাননা দেওয়ার আয়োজন থাকছে।
ঢাকা ফিল্ম ক্লাবের সাধারণ সম্পাদক বড়ুয়া মনোজিত ধীমন বলেন, ‘কুমিল্লা জেলা শহরের চলচ্চিত্রপ্রেমীদের জন্য এ উৎসব অনুপ্রেরণা ও চিন্তা বিনিময়ের একটি উর্বর ক্ষেত্র হয়ে উঠবে। এটি মূলত সবার জন্য উন্মুক্ত একটি সৃজনশীল উৎসব।’
আয়োজকরা জানান, উৎসব বাস্তবায়নে কুমিল্লা সিটি করপোরেশন, বাংলাদেশ চলচ্চিত্র কল্যাণ সোসাইটি, বাংলাদেশ চলচ্চিত্র সংসদ, কুমিল্লা ফিল্ম সোসাইটি, কক্সবাজার ফিল্ম ক্লাব এবং বেঙ্গল ফিল্ম সোসাইটি সার্বিকভাবে সহযোগিতা করবে।
উৎসবের মাধ্যমে কুমিল্লায় চলচ্চিত্রপ্রেমী, নির্মাতা, শিল্পী ও কলাকুশলীদের মধ্যে যোগাযোগ ও মতবিনিময়ের নতুন সুযোগ তৈরি হবে বলে আশা করছেন আয়োজকরা।










