
রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য, সংসদে নিজের নির্বাচনী এলাকা সরাইলের স্বাস্থ্যসেবার বেহাল চিত্র তুলে ধরে বলেছেন—সরাইলের হাসপাতালটি নিজেই যেন একটি রোগীর মতো।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
নিজ সংসদীয় এলাকার স্বাস্থ্য সেবার বেহাল দশা উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার নয়টি ইউনিয়নের প্রায় সাড়ে তিন লক্ষ মানুষের জন্য একটি হাসপাতাল আছে যেটি মাত্র ৫০ শয্যা বিশিষ্ট। এবং হাসপাতালটা নিজেই একটা রোগীর মতো।
নিজ এলাকার স্বাস্থ্যসেবার দুরবস্থা তুলে ধরে তিনি আরও জানান, হাসপাতালে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক ও কর্মচারীর তীব্র সংকট রয়েছে। একইসঙ্গে চাহিদা অনুযায়ী ওষুধ সরবরাহ নেই, আধুনিক চিকিৎসা যন্ত্রপাতিরও অভাব প্রকট।
রুমিন ফারহানা বলেন, হাসপাতালটির উন্নয়নের জন্য প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে একটি নতুন ভবন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছিল। তবে ৫ আগস্টের পর সেই প্রকল্পের ঠিকাদার পালিয়ে যাওয়ায় কাজ থেমে গেছে। ফলে বর্তমানে পুরোনো দোতলা ভবনেই সীমিত পরিসরে চিকিৎসাসেবা চালাতে হচ্ছে।
তিনি আরও উল্লেখ করেন, হাসপাতালটিতে মোট ৬৪টি পদ শূন্য রয়েছে, যা সামগ্রিক স্বাস্থ্যসেবাকে আরও দুর্বল করে তুলেছে।





