বুধবার ১৫ এপ্রিল, ২০২৬

আগামী দিনের কৃষি হবে সম্মানের পেশা: কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla - Agriculture will be a respectable profession in the future-Agriculture Minister
আগামী দিনের কৃষি হবে সম্মানের পেশা: কৃষিমন্ত্রী/ছবি : সংগৃহীত

সাবেক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর উত্তরসূরি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে কৃষি খাতকে এগিয়ে নিতে ‘কৃষক কার্ড’ কর্মসূচি বাস্তবায়ন করতে চান বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

মঙ্গলবার (১৪ এপ্রিল) শহীদ মারুফ স্টেডিয়াম-এ ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী জানান, এই কার্ডের মূল ধারণা এসেছে তারেক রহমানের কাছ থেকে। তিনি বলেন, এ উদ্যোগ কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করবে এবং আগামী দিনে কৃষিকে একটি সম্মানের পেশায় রূপান্তর করবে।

তিনি আরও বলেন, জিয়াউর রহমান খাল খনন ও সেচ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে দেশে কৃষি বিপ্লব ঘটিয়েছিলেন। অন্যদিকে, খালেদা জিয়া প্রথম প্রধানমন্ত্রী হিসেবে কৃষি ঋণ মওকুফ এবং সারে ভর্তুকি চালু করেন। সেই ধারাবাহিকতায় তারেক রহমানের ‘কৃষক কার্ড’ উদ্যোগ কৃষকদের সার, বীজ ও ঋণপ্রাপ্তির জটিলতা থেকে মুক্তি দেবে।

কৃষিমন্ত্রী বলেন, এই কার্ডে কৃষকের জমির পরিমাণ ও ধরণ সংরক্ষিত থাকবে, ফলে ব্যাংক থেকে সরাসরি ঋণ নেওয়া সহজ হবে এবং ভুয়া ঋণের জালিয়াতি বন্ধ করা সম্ভব হবে।

তিনি উল্লেখ করেন, দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ কৃষির সঙ্গে জড়িত। তারা অর্থনৈতিকভাবে শক্তিশালী হলে দেশও শক্তিশালী হবে। বিশেষ করে গমসহ বিভিন্ন ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করতে এবং ফড়িয়া বা মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে এই কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এছাড়া, এখন থেকে কৃষি বিভাগ কৃষকদের উৎপাদিত উদ্বৃত্ত ফসল সরাসরি কিনতে বাধ্য থাকবে বলেও জানান তিনি। এর ফলে কৃষকরা আর ন্যায্য দাম থেকে বঞ্চিত হবেন না বলে আশা প্রকাশ করেন কৃষিমন্ত্রী।

আরও পড়ুন