মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর, ২০২৬

‘৯৯ টাকায় আনলিমিটেড ফুচকা’সহ নানা অনিয়মে কুমিল্লায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla - Three establishments in Cumilla fined over allegations of fraud regarding
‘৯৯ টাকায় আনলিমিটেড ফুচকা’সহ নানা অনিয়ম, কুমিল্লায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

কুমিল্লা মহানগরের কান্দিরপাড় এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগে তিন প্রতিষ্ঠানকে মোট ২৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাউছার মিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

ভোক্তার সহকারী পরিচালক মো. কাউছার মিয়া বলেন, অভিযানে ফুচকা, মিষ্টি ও কনফেকশনারি এবং শিশু খাদ্য বিক্রয়কারী বিভিন্ন প্রতিষ্ঠানে তদারকি করা হয়। এ সময় ‘৯৯ টাকায় আনলিমিটেড ফুচকা’ বিক্রির বিজ্ঞাপন দিয়ে ভোক্তাদের প্রতারিত করার অভিযোগের প্রমাণ পাওয়া যায়। এছাড়া মিষ্টির মূল্য তালিকা প্রদর্শন না করা, বিদেশি পণ্যে সর্বোচ্চ খুচরা মূল্য (MRP) উল্লেখ না থাকা এবং পার্টি বা জন্মদিনের কেকে উৎপাদন বা মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকাসহ বিভিন্ন অনিয়ম শনাক্ত করা হয়।

এসব অনিয়মের দায়ে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৪ ধারায় অভিযোগের ভিত্তিতে ‘The Premium Street Food by Pihu’কে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া একই আইনের ৩৭ ধারায় ‘প্রিমিয়াম সুইটস’কে ২০ হাজার টাকা এবং ‘পিপাসা কনফেকশনারি’, কান্দিরপাড়কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। তিন প্রতিষ্ঠান থেকে মোট ২৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অভিযানে কুমিল্লা জেলা পুলিশের একটি দল, কমিটির সদস্য, জেলা স্যানিটারি ইন্সপেক্টর এবং অফিস সহকারী ফরিদা ইয়াসমিন সহযোগিতা করেন।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ, নিরাপদ ও মানসম্মত খাদ্যপণ্য নিশ্চিত করা এবং ভেজাল ও অনিয়ম প্রতিরোধে জনস্বার্থে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও পড়ুন