মঙ্গলবার ২৮ এপ্রিল, ২০২৬

৩০ কেজির বাগাড় মাছের সঙ্গে উঠে এলো জেলের লাশ

রাইজিং ডেস্ক

Sylhet
সিলেট। গ্রাফিক্স: রাইজিং কুমিল্লা

সিলেটের জকিগঞ্জে কুশিয়ারা নদীতে ডুব দিয়ে বাগাড় মাছ ধরার সময় এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে বিরশ্রী ইউপির পূর্বজামডহর গ্রামের কুশিয়ারা নদীর কুরিয়ারবন্দ এলাকা থেকে ৩৮ বছর বয়সী দেলোয়ার আহমদের লাশ উদ্ধার করা হয়।

নিহত দেলোয়ার আহমদ বারঠাকুরী ইউপির আমলশীদ গ্রামের মো. ইসলাম উদ্দিনের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, দেলোয়ার সহ তিনজন জেলে সিলিন্ডার লাগিয়ে নদীর গভীরে গিয়ে রশির ফাঁদ দিয়ে মাছ শিকার করছিলেন।

পানিতে নামার সময় দেলোয়ারের শরীরে রশি বাঁধা থাকে। অন্যরা নৌকায় থেকে ওই রশি ধরে টেনে তোলার কাজ করেন। বিকাল সাড়ে ৪টার দিকে মাছ ধরার সংকেত পেয়ে বাগাড়টি টেনে তোলেন সহযোগীরা। মাছটির লেজের সঙ্গে রশি দিয়ে বাঁধা ছিল দেলোয়ারের নিথর দেহ। তার অক্সিজেনের মাস্ক বিচ্ছিন্ন ছিল। পরে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাসুদ জানান, অক্সিজেন নিয়ে এক যুবক নদীতে ডুব দিয়ে মাছ ধরতে গিয়ে মারা গেছে। তার সঙ্গের জেলেরা নদী থেকে তার লাশ উদ্ধার করেছে।

আরও পড়ুন