
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে ১০ লেনে উন্নীত করার ঘোষণা দিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। তিনি বলেছেন, বর্তমান সরকারের মেয়াদেই দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই মহাসড়ক ১০ লেনে উন্নীত করা হবে।
শনিবার (৪ জুলাই) বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে আয়োজিত এক নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
মন্ত্রী বলেন, দেশের যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক ও গতিশীল করতে সরকার বড় বড় অবকাঠামো প্রকল্প বাস্তবায়ন করছে। এরই অংশ হিসেবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে ১০ লেনে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে, যা বর্তমান সরকারের সময়েই বাস্তবায়নের লক্ষ্য রয়েছে।
তিনি আরও জানান, কুমিল্লাসহ দেশের প্রতিটি বিভাগীয় শহরে প্রায় ১ হাজার ১০০ কোটি টাকা ব্যয়ে একটি করে আধুনিক স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এসব কমপ্লেক্সে বিকেএসপির আদলে খেলোয়াড় তৈরির জন্য প্রয়োজনীয় আধুনিক ক্রীড়া অবকাঠামো ও প্রশিক্ষণ সুবিধা থাকবে।
সমাবেশে কুমিল্লার উন্নয়ন পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরে জাকারিয়া তাহের বলেন, কুমিল্লা বিমানবন্দর চালুসহ জেলার অবকাঠামোগত উন্নয়নে সরকার বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে।
অনুষ্ঠানে কুমিল্লার সার্বিক উন্নয়ন প্রতিবেদন উপস্থাপন করেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী।
এ সময় কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উৎবাতুল বারী আবুসহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন।








