
হবিগঞ্জের লাখাইয়ে বলভদ্র সেতু থেকে হবিগঞ্জ সদর উপজেলার কোর্ট স্টেশন পর্যন্ত আঞ্চলিক মহাসড়ক চার লেনে উন্নীতকরণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন, অবহিতকরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে লাখাইয়ের কাঠিহারা মাঠে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রকল্পের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ জি কে গউছ।
প্রধান অতিথির বক্তব্যে জি কে গউছ বলেন, প্রায় সাড়ে ৬৫০ কোটি টাকা ব্যয়ে বলভদ্র সেতু থেকে হবিগঞ্জ পর্যন্ত সড়কটি চার লেনে উন্নীত করা হচ্ছে। কাজের গুণগত মান বজায় রাখতে তিনি স্থানীয়দের সজাগ থাকার আহ্বান জানান এবং লাখাইয়ের সার্বিক উন্নয়নে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের আশ্বাস দেন।
এ সময় তিনি বিগত সরকারের সমালোচনা করে দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান জানান।
উপজেলা বিএনপির সভাপতি ড. এম আক্তার আহাদ চৌধুরী স্বপনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সামছুল ইসলামের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন সাবেক চেয়ারম্যান আবদুল ওয়াদুদ তালুকদার আব্দাল, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শেখ মোহাম্মদ ফরিদ, সাংগঠনিক সম্পাদক মো. সামছুদ্দিন, অ্যাডভোকেট আয়াতুল ইসলামসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় এবং নির্মাণকাজের উদ্বোধন শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।










