বুধবার ৮ জুলাই, ২০২৬

স্থানীয় সরকার নির্বাচনে জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা কাজে লাগাবে ইসি

নোয়াখালী প্রতিনিধি

Rising Cumilla - EC to leverage national election experience for local government polls.
স্থানীয় সরকার নির্বাচনে জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা কাজে লাগাবে ইসি/ছবি: সংগৃহীত

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন পরিচালনায় জাতীয় নির্বাচনের অভিজ্ঞতাকে কাজে লাগানোর পরিকল্পনার কথা জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটকেন্দ্র ব্যবস্থাপনা থেকে শুরু করে সার্বিক প্রস্তুতিতে জাতীয় নির্বাচনের বিভিন্ন অভিজ্ঞতা প্রতিফলিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ

বুধবার (৮ জুলাই) রাজধানীর একটি হোটেলে নির্বাচন পর্যবেক্ষণ, সংস্কার এবং নির্বাচন ব্যবস্থা নিয়ে অংশীজনদের সঙ্গে আয়োজিত এক সংলাপে তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশনার বলেন, জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনের প্রেক্ষাপট এবং আইনি কাঠামো এক নয়। তবে জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা বিশ্লেষণ করে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিশেষ করে ভোটকেন্দ্র স্থাপন, কেন্দ্র ব্যবস্থাপনা এবং অন্যান্য সাংগঠনিক কার্যক্রমে সেই অভিজ্ঞতা কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে।

তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচনের বিধিমালা হালনাগাদের কাজ চলমান রয়েছে। পাশাপাশি নির্বাচন কমিশনের নিজস্ব মূল্যায়ন এবং নির্বাচন পর্যবেক্ষক সংস্থাগুলোর সুপারিশ বিবেচনায় নিয়ে ভবিষ্যতের নির্বাচনকে আরও কার্যকর, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।

আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, বিভিন্ন পর্যবেক্ষক সংস্থার মূল্যায়ন ও সুপারিশ কমিশন গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে। এসব সুপারিশ বাস্তবায়ন করা গেলে আগামী দিনের নির্বাচন আরও উন্নতভাবে আয়োজন করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন ভিন্ন আইনি কাঠামোর আওতায় অনুষ্ঠিত হওয়ায় সংশ্লিষ্ট আইন ও বিধিমালা পর্যালোচনা করে প্রয়োজনীয় সংস্কারের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। একই সঙ্গে সর্বশেষ নির্বাচন-পরবর্তী মূল্যায়নও সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন