
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয়ভাবে অনুষ্ঠিত হবে। যে কেউ ব্যক্তিগত পরিচয়ে নির্বাচনে অংশ নিতে পারবেন এবং এ ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কোনো বাধা থাকবে না।
মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
ডা. জাহেদ উর রহমান বলেন, বর্তমানে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকায় দলীয় পরিচয় বা পদ-পদবী ব্যবহার করে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই। তবে কোনো ব্যক্তি তার নিজস্ব পরিচয়ে নির্বাচনে অংশ নিতে চাইলে সরকারের পক্ষ থেকে কোনো বাধা দেওয়া হবে না।
ব্রিফিংয়ে তিস্তা অঞ্চলে পানি সংরক্ষণ ও ব্যবস্থাপনা নিয়েও সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন তথ্য উপদেষ্টা। তিনি জানান, পদ্মা ব্যারেজের মতো তিস্তা ব্যারেজ নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে। বর্ষা মৌসুমে ভারত থেকে আসা অতিরিক্ত পানি সংরক্ষণ করে শুষ্ক মৌসুমে তা ব্যবহারের লক্ষ্যেই এই প্রকল্প হাতে নেওয়া হবে।
তিনি বলেন, তিস্তা এলাকায় ব্যারেজ বা রিজার্ভার নির্মাণে প্রায় ২০ হাজার কোটি টাকা ব্যয় হতে পারে এবং বাংলাদেশ সরকার নিজস্ব অর্থায়নেই এ প্রকল্প বাস্তবায়নে সক্ষম। তবে কোনো দেশ সহযোগিতা করতে চাইলে সেই সুযোগও রাখা হবে।
ভারত থেকে বাংলাদেশে ‘পুশইন’ ইস্যু নিয়ে এক প্রশ্নের জবাবে ডা. জাহেদ উর রহমান বলেন, বাংলাদেশকে চাপে রাখার উদ্দেশ্যে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে সরকার মনে করে না। পশ্চিমবঙ্গ সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবেই এ ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে বাংলাদেশ ও ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে শিগগিরই আলোচনা হবে এবং পারস্পরিক সমঝোতার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব হবে বলে সরকার আশাবাদী।









