
দেশের মাধ্যমিক পর্যায়ের প্রায় ৩০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে সোমবার (২৯ জুন) একযোগে ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ শীর্ষক বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হবে। সকাল ১০টা ৫ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) জানিয়েছে, এ উপলক্ষে দেশের প্রতিটি অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠানে একটি ফলদ, একটি বনজ এবং একটি ঔষধি গাছ রোপণ করা হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণে অংশগ্রহণের বার্তা ছড়িয়ে দেওয়া হবে।
শনিবার (২৭ জুন) দেশের সব মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের কাছে পাঠানো এক চিঠিতে মাউশি জাতীয় পর্যায়ের এ কর্মসূচিতে একযোগে অংশগ্রহণের নির্দেশনা দিয়েছে।
জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন বাস্তবায়নাধীন লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন প্রজেক্ট-এর আওতায় এ কর্মসূচি পরিচালিত হচ্ছে। এর লক্ষ্য শিক্ষার্থীদের জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে সচেতন করা এবং দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত করে তোলা।
এ বছর দেশের ২৯ হাজার ৬২১টি শিক্ষাপ্রতিষ্ঠানে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এর মধ্যে রয়েছে ১৮ হাজার ৯০৭টি বিদ্যালয়, ১ হাজার ৪৪৬টি স্কুল অ্যান্ড কলেজ এবং ৯ হাজার ২৬৮টি মাদ্রাসা। জলবায়ু সচেতনতা কার্যক্রম পরিচালনার জন্য প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হচ্ছে।
কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠান প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বড় পর্দায় সরাসরি প্রদর্শনের ব্যবস্থা থাকবে। পাশাপাশি ভিডিও কনফারেন্সের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো অনুষ্ঠানে যুক্ত হবে এবং নির্বাচিত অংশগ্রহণকারীরা সরাসরি তাদের অনুভূতি প্রকাশের সুযোগ পাবেন।
মাউশির নির্দেশনায় আরও বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ক্যাম্পাসে জলবায়ুবিষয়ক ব্যানার ও ফেস্টুন টানানো, শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে র্যালি আয়োজন এবং সুষ্ঠুভাবে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করতে হবে।
এ কর্মসূচিতে সংশ্লিষ্ট এলাকার মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সংসদ সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিত থাকার কথা রয়েছে।









