
ডিজেলের দাম বৃদ্ধিকে কেন্দ্র করে সরকারি সিদ্ধান্ত ছাড়া কোনো ধরনের স্বেচ্ছাচারী ভাড়া বৃদ্ধি না করতে পরিবহণ মালিকদের কঠোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতি।
বুধবার (২২ এপ্রিল) সমিতির মহাসচিব মো. সাইফুল আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিবৃতিতে বলা হয়েছে, সরকারিভাবে বাসভাড়া বৃদ্ধির চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত বর্তমানে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত কোনো টাকা যাত্রীদের কাছ থেকে আদায় করা যাবে না। দেশের সব রুটে চলাচলকারী পরিবহণ মালিক ও শ্রমিকদের এই নির্দেশ কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
তবে ভাড়া না বাড়ানোর নির্দেশনার পাশাপাশি পরিবহণ খাতের চলমান সংকটের কথাও তুলে ধরেছে সমিতি। এতে উল্লেখ করা হয়, লিটারপ্রতি ডিজেলের দাম ১৫ টাকা বাড়ায় পরিবহণ পরিচালনার ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে ডলারের ঊর্ধ্বগতির কারণে গাড়ির যন্ত্রাংশ ও রক্ষণাবেক্ষণ খরচও বেড়ে গেছে।
এই প্রেক্ষাপটে পরিবহণ খাতকে লোকসানের হাত থেকে রক্ষা করতে দ্রুত সময়ের মধ্যে বাস্তবসম্মত ভাড়া সমন্বয়ের জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছে মালিক সমিতি।







