শুক্রবার ৪ সেপ্টেম্বর, ২০২৬

সংসদে ব্রাহ্মণবাড়িয়া-ময়মনসিংহসহ বিভিন্ন জেলায় বিশ্ববিদ্যালয় চাইলেন ১০ এমপি

রাইজিং কুমিল্লা প্রতিবেদক

Rising Cumilla - Ten MPs demanded universities in various districts, including Brahmanbaria and Mymensingh
সংসদে ব্রাহ্মণবাড়িয়া-ময়মনসিংহসহ বিভিন্ন জেলায় বিশ্ববিদ্যালয় চাইলেন ১০ এমপি/ছবি: রাইজিং কুমিল্লা সম্পাদিত

ব্রাহ্মণবাড়িয়া-ময়মনসিংহসহ দেশের বিভিন্ন জেলায় নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি উঠেছে জাতীয় সংসদে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সংসদের চলমান তৃতীয় অধিবেশনে সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে উত্থাপিত সিদ্ধান্ত প্রস্তাবের ওপর আলোচনার সময় একে একে নিজেদের নির্বাচনী এলাকায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানান বিভিন্ন সংসদ সদস্য।

এর মধ্যে ইতোমধ্যে দুটি বিশ্ববিদ্যালয় থাকা ময়মনসিংহেও নতুন একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানানো হয়েছে।

আলোচনায় সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানান সংসদ সদস্য মো. আব্দুল খালেক। তিনি বলেন, সাতক্ষীরা একটি সীমান্তবর্তী জেলা। জেলার শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য অন্য জেলায় যেতে হয়। সেখানে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হলে শিক্ষার্থীরা কম খরচে নিজ জেলায় উচ্চশিক্ষার সুযোগ পাবেন। পাশাপাশি লবণাক্ততাসহ সাতক্ষীরার বিভিন্ন স্থানীয় সমস্যা নিয়ে গবেষণার সুযোগ তৈরি হবে এবং কর্মসংস্থানও বাড়বে।

তার প্রস্তাবের জবাবে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, সাতক্ষীরায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়ে সংসদ সদস্যের প্রস্তাবের মূল উদ্দেশ্য ইতোমধ্যে বাস্তবায়নের পথে রয়েছে। সাতক্ষীরা জেলায় ‘সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠার লক্ষ্যে ‘সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০২৩’ প্রণয়ন করা হয়েছে।

শিক্ষামন্ত্রী জানান, আইনটি ২০২৩ সালের ১৩ নভেম্বর ৬২ নম্বর আইন হিসেবে গেজেট আকারে প্রকাশিত হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য নিয়োগের কার্যক্রম এখনো সম্পন্ন হয়নি।

তিনি বলেন, খুব শিগগিরই উপাচার্য নিয়োগের কার্যক্রম সম্পন্ন করা হবে। উপাচার্য নিয়োগের পর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু করা সম্ভব হবে।

সামগ্রিক বিষয় বিবেচনায় নিয়ে সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়ে উত্থাপিত সিদ্ধান্ত প্রস্তাবটি প্রত্যাহারের জন্য সংসদ সদস্য মো. আব্দুল খালেকের প্রতি অনুরোধ জানান শিক্ষামন্ত্রী।

পরে সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাবটি কণ্ঠভোটে তোলা হলে ‘না’ ভোট জয়যুক্ত হয়।

যেসব জেলায় বিশ্ববিদ্যালয়ের দাবি

সিদ্ধান্ত প্রস্তাটির ওপর মোট নয়জন সংসদ সদস্য সংশোধনী প্রস্তাব দেন। তাদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানান বিএনপির সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন।

ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন নিজ নির্বাচনী এলাকায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানান। তিনি বলেন, তার নির্বাচনী এলাকা গুরুত্বপূর্ণ ও ঘনবসতিপূর্ণ হওয়ায় সেখানে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা প্রয়োজন।

মেহেরপুরের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শওকত আরা আক্তার নিজ জেলায় একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানান। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলে মেহেরপুরের কৃষিসহ বিভিন্ন স্থানীয় বিষয় নিয়ে গবেষণার সুযোগ তৈরি হবে বলে তিনি উল্লেখ করেন।

ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য মো. কামরুল হাসান বলেন, ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় রয়েছে। এরপরও জেলার উপযুক্ত কোনো স্থানে আরও একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা প্রয়োজন।

নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ নাটোরের চলনবিলের প্রাণকেন্দ্র গুরুদাসপুর এলাকায় একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানান। তিনি বলেন, শিক্ষার বিস্তার ঘটলে কারাগার ও ফাঁসির মঞ্চ তৈরির প্রয়োজনীয়তা কমে আসবে।

বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আলীমও নিজ জেলায় একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানান।

শেরপুরে একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানান বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। তিনি বলেন, শেরপুর সীমান্তবর্তী জেলা হওয়ায় এখানকার শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য অন্যত্র যেতে হয়। তাই জেলায় একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রয়োজন।

ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান সাতক্ষীরার সংসদ সদস্যের দাবির সঙ্গে একমত পোষণ করে ব্রাহ্মণবাড়িয়ায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানান। তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় কোনো বিশ্ববিদ্যালয় নেই। তাই এ জেলায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা প্রয়োজন।

এ ছাড়া ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মো. আবু তালিবও নিজ এলাকায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানান।

আরও পড়ুন