সোমবার ৮ জুন, ২০২৬

সংসদে কুমিল্লা বিমানবন্দর দ্রুত চালুর দাবি তুললেন এমপি মনিরুল হক চৌধুরী

রাইজিং কুমিল্লা প্রতিবেদক

Rising Cumilla - MP Monirul Haque Chowdhury demands early opening of Cumilla Airport in Parliament
সংসদে কুমিল্লা বিমানবন্দর দ্রুত চালুর দাবি তুললেন এমপি মনিরুল হক চৌধুরী/ছবি: রাইজিং কুমিল্লা সম্পাদিত

কুমিল্লা বিমানবন্দর দ্রুত চালুর দাবি জানিয়ে জাতীয় সংসদে বিষয়টি উত্থাপন করেছেন কুমিল্লা-৬ (সদর, সদর দক্ষিণ ও মহানগর) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।

সোমবার (৮ জুন) বিকেলে জাতীয় সংসদে নোটিশ আকারে উত্থাপিত এক প্রশ্নে তিনি এ দাবি জানান।

সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রতিষ্ঠিত কুমিল্লা বিমানবন্দর দেশভাগের পরও চালু ছিল। তবে স্বাধীনতার পর বিমানবন্দরটির কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরবর্তীতে এর একটি অংশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড)-এর জন্য বরাদ্দ দেওয়া হলেও বিমানবন্দর চালুর বিষয়টি বহাল রাখার নির্দেশনা ছিল।

তিনি আরও বলেন, কুমিল্লা দেশের অন্যতম বৈদেশিক মুদ্রা অর্জনকারী জেলা। জেলার বিপুলসংখ্যক প্রবাসী এবং ব্যবসায়ীদের যাতায়াতের সুবিধার্থে বিমানবন্দরটি চালু করা অত্যন্ত জরুরি। বিমানবন্দর চালু হলে যাত্রীসেবা সহজ হওয়ার পাশাপাশি সরকারের রাজস্ব আয়ও বৃদ্ধি পাবে।

এমপি মনিরুল হক চৌধুরী উল্লেখ করেন, কুমিল্লা ইপিজেডে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের যাতায়াত আরও সহজ হবে। একই সঙ্গে স্বাস্থ্যসেবা গ্রহণ, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ এবং পর্যটন শিল্পের বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিমানবন্দরটি।

তিনি কুমিল্লা বিমানবন্দর দ্রুত চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

আরও পড়ুন