
চলতি ২০২৬-২৭ অর্থবছরে পরিবহন উন্নয়ন সহায়তা খাতে সংসদ সদস্যদের মনোনীত প্রকল্প বাস্তবায়নের জন্য ৩ হাজার ২৫৩টি ইউনিয়ন পরিষদের অনুকূলে ৩২৯ কোটি টাকা বরাদ্দ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
গত ১৩ অক্টোবর স্থানীয় সরকার বিভাগের উপজেলা পরিষদ-২ শাখা থেকে জারি করা এক চিঠিতে এ বরাদ্দের তথ্য জানানো হয়। একই সঙ্গে বরাদ্দের অর্থ ছাড়, ব্যয় ও প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় পরিবহন উন্নয়ন সহায়তা খাতে ইউনিয়ন পরিষদগুলোর জন্য মোট ৩২৯ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এ অর্থ সংসদ সদস্যদের মনোনীত প্রকল্প অনুযায়ী নির্ধারিত উন্নয়ন কার্যক্রমে ব্যয় করতে হবে।
বরাদ্দের অর্থ ছাড়ের জন্য সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিস্বাক্ষরসহ বিল উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কাছে দাখিল করতে হবে। পরে প্রচলিত আর্থিক বিধিবিধান অনুসরণ করে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের ব্যাংক হিসাবে অর্থ স্থানান্তরের ব্যবস্থা নেওয়া হবে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তা যৌথভাবে এ অর্থ উত্তোলন এবং ব্যয়ের হিসাব সংরক্ষণ করবেন।
নির্দেশনায় আরও বলা হয়েছে, প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা ব্যবস্থাপনা নির্দেশিকা-২০২১, পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা-২০০৮ এবং প্রযোজ্য আর্থিক বিধিবিধান অনুসরণ করতে হবে।
বরাদ্দের অর্থ ব্যয়ে কোনো ধরনের অনিয়ম হলে সংশ্লিষ্ট বিল পরিশোধকারী কর্মকর্তা ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি বরাদ্দের অব্যয়িত অর্থ আগামী ৩০ জুন ২০২৭ তারিখের মধ্যে সরকারি কোষাগারে ফেরত দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
বরাদ্দের অর্থ যথাযথভাবে ছাড় ও ব্যবস্থাপনা নিশ্চিত করতে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা ও উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রশাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব আতিকুল ইসলাম স্বাক্ষরিত চিঠিটি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।








