
সংবিধান সংশোধন কমিটিকে ‘একদলীয়’ আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে গণভোটের রায়ের আলোকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং রাষ্ট্র সংস্কারকে জাতীয় ঐক্যের অন্যতম প্রধান এজেন্ডা করার আহ্বান জানিয়েছে দলটি।
সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তোলার বিষয়ে প্রধানমন্ত্রীর আহ্বানে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের আলোচ্য বিষয় তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, এনসিপির একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে দেশের বর্তমান পরিস্থিতি ও সমসাময়িক রাজনৈতিক সংকট নিয়ে আলোচনা করেছে। যেকোনো জাতীয় ঐক্যের ক্ষেত্রে জুলাই, সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বকে গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছে দলটি।
তিনি বলেন, জাতীয় ঐক্যের প্রক্রিয়ায় রাষ্ট্র সংস্কারকে অবশ্যই এজেন্ডাভুক্ত করতে হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে আহ্বান ও সুপারিশ জানানো হয়েছে।
সংবিধান সংশোধন কমিটি বাতিলের দাবি জানিয়ে নাহিদ ইসলাম বলেন, বর্তমান একদলীয় সংবিধান সংশোধন কমিটি সংস্কার প্রক্রিয়া, গণভোটের রায় এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পথে বাধা সৃষ্টি করছে। এ কারণে কমিটি বাতিলের সুপারিশ করেছেন তাঁরা। একই সঙ্গে গণভোটে জনগণের দেওয়া রায়ের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন।
নাহিদ ইসলাম আরও বলেন, বাংলাদেশে ফ্যাসিবাদবিরোধী যে লড়াই জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শুরু হয়েছিল, সেই লড়াই এখনো শেষ হয়নি। এটি ছিল গণতন্ত্রের পক্ষে ও বিপক্ষের লড়াই। গণতন্ত্রকে শক্তিশালী করার পাশাপাশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে কার্যকর ও টেকসই করতে না পারলে জনগণের আস্থা অর্জন সম্ভব হবে না। এতে দেশে অর্থনৈতিক বিনিয়োগও বাধাগ্রস্ত হবে। তাই রাষ্ট্র সংস্কার অত্যন্ত জরুরি।
দেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন বিরোধীদলীয় চিফ হুইপ। তিনি বলেন, গত কয়েক দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। এতে জনগণের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। সরকারি দল, বিরোধী দল, ফ্যাসিবাদবিরোধী নেতাকর্মী এবং জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বদানকারীরাও হামলার শিকার হচ্ছেন।
পতিত স্বৈরাচারী শক্তি আওয়ামী লীগ বিভিন্ন স্থানে সন্ত্রাস ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে উল্লেখ করে তিনি বলেন, এসব পরিস্থিতি থেকে উত্তরণের উপায় এবং রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠার সম্ভাবনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী তাঁর অবস্থান থেকে বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
নাহিদ ইসলাম জানান, ফ্যাসিবাদ ও জুলাই গণঅভ্যুত্থানের চেতনার প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।
তবে বর্তমান পরিস্থিতি একদিনে তৈরি হয়নি উল্লেখ করে নাহিদ বলেন, নির্বাচনের পর গত সাত থেকে আট মাস ধরে আইনশৃঙ্খলা পরিস্থিতির ধারাবাহিক অবনতি হয়েছে। আওয়ামী লীগের বিষয়ে কঠোর অবস্থান না নেওয়া এবং ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের বিষয়গুলো আরও স্পষ্ট না করার কারণেও বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে তাঁরা মনে করেন।
বৈঠকে এনসিপির প্রতিনিধি দলে আরও ছিলেন দলটির সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ এবং যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেন।










