সোমবার ২৩ নভেম্বর, ২০২৬

শিশু খাদ্যপণ্যে ব্যবহার হচ্ছিল কাপড়ের রং, কুমিল্লার বুড়িচংয়ে ভোক্তা অধিদপ্তরের অভিযানে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

RisingCumilla -Fabric dyes were being used in childrens food products, the Directorate of Consumer Rights Protection imposed a fine during an operation in Burichong, Comilla.
শিশু খাদ্যপণ্যে ব্যবহার হচ্ছিল কাপড়ের রং, কুমিল্লার বুড়িচংয়ে ভোক্তা অধিদপ্তরের অভিযানে জরিমানা

কুমিল্লার বুড়িচংয়ে চানাচুর, বিস্কুট, ঝালমুড়ি, লাড্ডু, মটরভাজা ও চিপসসহ বিভিন্ন শিশু খাদ্যে নিষিদ্ধ কাপড়ের রঙ ও সিঁদুরের রঙ ব্যবহারের প্রমাণ পেয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী তৈরি এবং রোগনির্ণয় পরীক্ষার ইচ্ছেমতো মূল্য নির্ধারণের অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত বুড়িচং বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান সূত্রে জানা গেছে, এসএ ফুড প্রডাক্টস (মুসলিম ফুড) নামের প্রতিষ্ঠানে তৈরি চানাচুর, বিস্কুট, ঝালমুড়ি, লাড্ডু, মটরভাজা ও চিপসে নিষিদ্ধ শিল্পকারখানায় ব্যবহৃত রঙ এবং সিঁদুরের রঙ ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশে বেকারিজাত খাদ্যসামগ্রী তৈরি করতে দেখা যায়। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, আধুনিক হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে বিভিন্ন পরীক্ষার ইচ্ছেমতো মূল্য নির্ধারণ এবং জীবন বিপন্নকারী কার্যক্রম পরিচালনার অভিযোগে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠান দুটিকে এ জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার মিয়া। তাঁকে সহযোগিতা করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিরাপদ খাদ্য কর্মকর্তা জুয়েল মিয়া, ক্যাব কুমিল্লার সভাপতি আনোয়ার হোসেন চৌধুরী, কুমিল্লা জেলা পুলিশের একটি দল, অফিস সহকারী ফরিদা ইয়াসমিন এবং নিরাপদ খাদ্যের নমুনা সংগ্রহকারী মো. সাকিব।

এ বিষয়ে সহকারী পরিচালক মো. কাউছার মিয়া জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষা, পণ্যের সঠিক পরিমাপ নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন