
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে তরুণ সমাজসেবক ও অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এনামুল হক নূরন্নবী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার আনুষ্ঠানিক ঘোষণা করায় স্থানীয় সচেতন তরুণ সমাজ ও সর্বস্তরের জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং নতুন আশার সঞ্চার হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শশীদল ইউনিয়নের ১ নং ওয়ার্ডের দীর্ঘদিনের নির্বাচনী ইতিহাসে চেয়ারম্যান প্রার্থী থাকার নানা কথা শোনা গেলেও বর্তমান প্রজন্মের কাছে নিজেদের এলাকা থেকে কোনো সরাসরি শক্তিশালী চেয়ারম্যান প্রার্থী দেখার অভিজ্ঞতা ছিল না। ফলে দীর্ঘ প্রতীক্ষার পর এনামুল হক নূরন্নবীর সাহসী এই পদক্ষেপে নিজেদের এলাকার স্বতন্ত্র নেতৃত্ব প্রতিষ্ঠা হওয়ার স্বপ্ন দেখছেন (সাজঘর, চৌব্বাস ও দেউষের) তরুণরা। কেবল মাঠপর্যায়েই নয়, সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে বইছে ব্যাপক আলোচনার ঝড়।
এলাকার তরুণদের সাথে কথা বললে তাঁরা জানান, ১ নং ওয়ার্ডের সুসংগঠিত ভোটাররা যদি ঐক্যবদ্ধভাবে সমর্থন বজায় রাখতে পারেন, তবে আসন্ন নির্বাচনে একজন যোগ্য ও আপন মানুষকে চেয়ারম্যান হিসেবে বিজয়ী করে আনা সম্ভব। নতুন প্রজন্মের একজন প্রতিনিধি নেতৃত্বে এগিয়ে এলে শিক্ষা, সামাজিক উন্নয়ন এবং এলাকার সার্বিক নাগরিক সমস্যা সমাধানের নতুন সুযোগ উন্মোচিত হবে বলে তাঁরা বিশ্বাস করেন। ভোটারদের শেষ সিদ্ধান্তই নির্বাচনী ফলাফলের মূল চাবিকাঠি হলেও, এনামুল হক নূরন্নবীর এই আগাম নির্বাচনী বার্তা শশীদল ইউনিয়নের সার্বিক রাজনৈতিক সমীকরণে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে।
এবিষয়ে এনামুল হক নূরন্নবী জানান, এলাকার মানুষের ভালোবাসা এবং তরুণদের সুদৃঢ় সমর্থনই তাঁর মূল শক্তি। জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে এবং ১ নং ওয়ার্ডসহ সমগ্র শশীদল ইউনিয়নের টেকসই উন্নয়নে তিনি আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে প্রতিশ্রুতিবদ্ধ।










