বুধবার ১৯ আগস্ট, ২০২৬

লক্ষ্মীপুরে থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১ জন

নিজস্ব প্রতিবেদক

RisingCumilla - Weapons looted from police station recovered in Lakshmipur
লক্ষ্মীপুরে থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১ জন/ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে জুলাই গণঅভ্যুত্থানের সময় চন্দ্রগঞ্জ থানা থেকে লুট হওয়া আগ্নেয়াস্ত্র ও গুলিসহ মো. নিশান ওরফে ছোট নিশান (৩০) নামে এক চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে জেলার চন্দ্রগঞ্জ উপজেলার পোদ্দার বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (১৯ আগস্ট) সকালে লক্ষ্মীপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পোদ্দার বাজার এলাকায় অভিযান চালায় র‍্যাবের একটি আভিযানিক দল। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে নিশান মোটরসাইকেলযোগে পালানোর চেষ্টা করেন। পরে তাকে ধাওয়া করে আটক করা হয়।

আটকের পর তার দেহ ও সঙ্গে থাকা মালামাল তল্লাশি করে একটি তারাস পিস্তল, ১২ রাউন্ড গুলি ও একটি ফোল্ডিং ছুরি উদ্ধার করা হয়।

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা গেছে, উদ্ধার করা পিস্তল ও গুলিগুলো জুলাই গণঅভ্যুত্থানের সময় চন্দ্রগঞ্জ থানা থেকে লুট হয়েছিল।

র‍্যাব কর্মকর্তা মিঠুন কুমার কুণ্ডু জানান, গ্রেপ্তার নিশানের বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় একাধিক হত্যা মামলা রয়েছে। তিনি একাধিক মামলার পরোয়ানাভুক্ত এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি।

আরও পড়ুন