
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার অলিরবাজারে প্রশাসনের অনুমতি না থাকায় মুফতি গিয়াসউদ্দিন তাহেরীর নির্ধারিত মাহফিল করতে দেয়নি পুলিশ। তবে মাহফিল করতে না পারলেও এলাকায় পৌঁছে সড়কের পাশে দাঁড়িয়ে অনুসারীদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দিয়েছেন তিনি। কয়েক মিনিট বক্তব্য দেওয়ার পর সেখান থেকে চলে যান তাহেরী।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে সদর দক্ষিণ উপজেলার অলিরবাজারে মুফতি গিয়াসউদ্দিন তাহেরীর একটি মাহফিল আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছিল। তবে তার আগমনকে কেন্দ্র করে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থেকেই এলাকায় উত্তেজনা তৈরি হয়। মাহফিল বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন স্থানীয় হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। একই সঙ্গে তাহেরীকে অলিরবাজারে আসতে না দেওয়ার দাবিতে স্থানীয় প্রশাসনের কাছে আবেদন জানান তারা।
এ পরিস্থিতিতে সদর দক্ষিণ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আয়োজক কমিটির সঙ্গে কথা বলে এবং মাহফিল বন্ধ রাখার অনুরোধ জানায়। পাশাপাশি শুক্রবার সকাল থেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অলিরবাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
পরে বিকেল ৪টার দিকে অলিরবাজার এলাকায় পৌঁছান মুফতি গিয়াসউদ্দিন তাহেরী। নির্ধারিত স্থানে মাহফিল করতে না পেরে সড়কের পাশে দাঁড়িয়ে অনুসারীদের উদ্দেশে দুই থেকে চার মিনিট বক্তব্য দেন তিনি। এরপর সেখান থেকে চলে যান।
এ বিষয়ে হেফাজতে ইসলাম কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি ইয়াকুব আলী বলেন, প্রশাসনের অনুমতি ছাড়াই তাহেরীর মাহফিল আয়োজন করা হচ্ছিল। তিনি একজন বিতর্কিত বক্তা। এ কারণে স্থানীয়দের পাশাপাশি তারাও এ আয়োজনের প্রতিবাদ জানিয়েছেন।
অন্যদিকে তাহেরীর অনুসারী আমির হোসেন বলেন, হেফাজতে ইসলামের নেতাকর্মীরা তাহেরী হুজুরকে মাহফিল করতে দেননি। এ কারণে তিনি সড়কের পাশে দাঁড়িয়ে ভক্তদের উদ্দেশে কয়েক মিনিট কথা বলে চলে যান।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বলেন, প্রশাসনের অনুমতি না থাকায় অলিরবাজারে গিয়াস উদ্দিন তাহেরীকে মাহফিল করতে দেওয়া হয়নি। সকাল থেকেই সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।








