
মালয়েশিয়ায় আবারও বাংলাদেশি কর্মী পাঠানোর উদ্যোগের অংশ হিসেবে কোনো ধরনের অভিবাসন ব্যয় ছাড়াই ১১২ জন কর্মী নিয়োগের ঘোষণা দিয়েছে সরকার। মাসিক ১ হাজার ৭০০ রিঙ্গিত মূল বেতনে ‘অপারেশন অ্যাসিস্ট্যান্ট’ ও ‘টেকনিক্যাল স্কিল ওয়ার্কার’ পদে এসব কর্মী নিয়োগ দেওয়া হবে। তবে আবেদনের জন্য নির্দিষ্ট বয়স, শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতা থাকতে হবে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) মালয়েশিয়ার প্রতিষ্ঠান ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন বিএইচডির জন্য রাষ্ট্রীয় মালিকানাধীন নিয়োগকারী সংস্থা বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, এ নিয়োগের আওতায় নির্বাচিত কর্মীদের কোনো ধরনের অভিবাসন ব্যয় বহন করতে হবে না। নিয়োগসংক্রান্ত সব খরচ বহন করবেন মালয়েশিয়ার নিয়োগকর্তারা।
তিনি আরও জানান, বোয়েসেলের মাধ্যমে কোনো প্রকার খরচ ছাড়াই ১০ হাজার কর্মী মালয়েশিয়ায় পাঠানোর একটি পরীক্ষামূলক উদ্যোগ নিয়ে কাজ করছে সরকার। আগামী ডিসেম্বরের মধ্যেই প্রথম কয়েকটি ফ্লাইট চালুর লক্ষ্য রয়েছে।
আবেদনের সময় ও যোগ্যতা
আগ্রহী প্রার্থীদের আগামী ৭ নভেম্বর সকাল ১০টা থেকে ৮ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত বোয়েসেলের নির্ধারিত নিবন্ধন পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।
আবেদনকারীর বয়স ২২ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। পাশাপাশি থাকতে হবে বৈধ পাসপোর্ট। একজন প্রার্থী কেবল একটি পদেই আবেদন করতে পারবেন।
অপারেশন অ্যাসিস্ট্যান্ট পদে যোগ্যতা
এ পদে আবেদনের জন্য প্রার্থীকে কমপক্ষে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। থাকতে হবে প্রাথমিক কম্পিউটার জ্ঞান এবং ইংরেজিতে যোগাযোগের দক্ষতা। একই সঙ্গে ওয়্যারহাউসে কাজ করার মতো শারীরিক সক্ষমতা থাকতে হবে।
সংশ্লিষ্ট কাজে এক থেকে দুই বছরের অভিজ্ঞতা রয়েছে এমন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। এ ছাড়া ফর্কলিফট, পাওয়ার প্যালেট ট্রাক ও রিচ ট্রাক পরিচালনায় দক্ষ ব্যক্তিদের বিশেষভাবে বিবেচনা করা হবে।
টেকনিক্যাল স্কিল ওয়ার্কার পদে যোগ্যতা
এ পদে আবেদনের জন্য ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। ইলেকট্রিক্যাল, ভোকেশনাল, পলিটেকনিক কিংবা স্নাতক পর্যায়ে পড়াশোনা করা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
পাশাপাশি ওয়্যারহাউস পরিচালনা, আইটি সরঞ্জাম, মাইক্রোসফট এক্সেল এবং ইংরেজিতে যোগাযোগের বিষয়ে জ্ঞান থাকতে হবে।
যেভাবে হবে কর্মী নির্বাচন
বোয়েসেল জানিয়েছে, সফটওয়্যারভিত্তিক লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ জন আবেদনকারীকে বাছাই করা হবে। তাঁদের তালিকা সংস্থাটির অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
পরবর্তী সময়ে মালয়েশিয়ার নিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা কারিগরি ও মৌখিক পরীক্ষা নেবেন। এসব পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে ১১২ জন কর্মী নির্বাচন করা হবে।
চাকরির মেয়াদ ও সুযোগ-সুবিধা
নির্বাচিত কর্মীদের সঙ্গে প্রাথমিকভাবে তিন বছরের চুক্তি করা হবে। পরবর্তী সময়ে চুক্তি নবায়নের সুযোগ থাকবে। কর্মীদের সপ্তাহে ছয় দিন দৈনিক আট ঘণ্টা করে কাজ করতে হবে। প্রতিষ্ঠানের প্রয়োজন এবং মালয়েশিয়ার শ্রম আইন অনুযায়ী অতিরিক্ত কাজের জন্য ওভারটাইম দেওয়া হবে।
এ ছাড়া নিয়োগকর্তা কর্মীদের আবাসন, প্রাথমিক চিকিৎসা এবং যাতায়াতের জন্য পরিবহনের ব্যবস্থা করবেন।
নিয়োগে কোনো টাকা দিতে হবে না
বিজ্ঞপ্তিতে বোয়েসেল স্পষ্টভাবে জানিয়েছে, নির্বাচিত কর্মীদের নিয়োগ প্রক্রিয়ার কোনো পর্যায়েই অর্থ প্রদান করতে হবে না। নিয়োগের নামে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক লেনদেন না করার জন্যও সতর্ক করা হয়েছে।










