
হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মনোনীত হয়েছেন লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ। অক্টোবর ২০২৬ মাসে অপরাধ দমন, মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিলসহ আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় তাঁকে এ স্বীকৃতি দেওয়া হয়েছে।
জানা যায়, হবিগঞ্জ জেলা পুলিশের মাসিক সভায় অপরাধের অভিন্ন মানদণ্ডের আলোকে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে শরীফ আহমেদের নাম ঘোষণা করা হয়। পরে হবিগঞ্জের পুলিশ সুপার মো. তারেক মাহমুদ তাঁকে বিশেষ পুরস্কারে ভূষিত করেন।
অক্টোবর মাসে মাদক উদ্ধার, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, মামলা নিষ্পত্তি, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন, মামলার আসামি গ্রেপ্তার, আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধ নিয়ন্ত্রণসহ বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা ও সাফল্যের ভিত্তিতে তাঁকে এ পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়।
পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় লাখাই থানার ওসি শরীফ আহমেদ বলেন, এ পুরস্কার লাখাই থানার সব কর্মকর্তা ও সদস্যের সম্মিলিত প্রচেষ্টার স্বীকৃতি। সবার আন্তরিক সহযোগিতা ও নিরলস পরিশ্রমের ফলেই এ অর্জন সম্ভব হয়েছে।
এদিকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে বিশেষ পুরস্কারে ভূষিত করায় হবিগঞ্জের পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ, প্রশাসন ও ক্রাইম), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন ওসি শরীফ আহমেদ।










