
ব্রাহ্মণবাড়িয়ায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাসানুর রহমান (২৩) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। বিয়ের প্রায় দেড় মাস পর কাজ শেষে কুড়িগ্রামের নিজ বাড়িতে ফিরে নববধূকে ঘরে তোলার কথা ছিল তাঁর। তবে সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই প্রাণ হারালেন তিনি।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের দামচাইল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাসানুর রহমান কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার কুটি বাঘডাঙ্গা এলাকার দধির গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। পেশায় তিনি রাজমিস্ত্রি ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে দামচাইল গ্রামের পল্লী চিকিৎসক সজিব চন্দ্র বিশ্বাসের একতলা ভবনের দেয়ালে পলেস্তারের কাজ করছিলেন হাসানুর। এ সময় অসাবধানতাবশত ভবনের পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের সঙ্গে তাঁর হাতে থাকা নির্মাণযন্ত্রের সংস্পর্শ ঘটে। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।
পরে সঙ্গে থাকা শ্রমিকরা হাসানুরকে উদ্ধার করে দ্রুত ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
হাসানুরের চাচা মাসুদ রানা জানান, প্রায় দেড় মাস আগে পারিবারিকভাবে হাসানুরের বিয়ে হয়। দীর্ঘদিন ধরে তিনি ব্রাহ্মণবাড়িয়ার একটি নির্মাণশ্রমিক দলের সঙ্গে কাজ করছিলেন। বিয়ের পরও স্ত্রীকে নিজের বাড়িতে তোলা হয়নি। কাজ শেষ করে বাড়িতে ফিরে নববধূকে ঘরে তোলা ও বিয়ের আনুষ্ঠানিকতা করার কথা ছিল তাঁর। কিন্তু তার আগেই দুর্ঘটনায় তাঁর মৃত্যু হলো।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, নির্মাণকাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।









