রবিবার ১৫ নভেম্বর, ২০২৬

উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এমপিদের দায়িত্ব

রাইজিং কুমিল্লা ডেস্ক

RisingCumilla - It is the responsibility of MPs to ensure transparency and accountability in development projects.
উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এমপিদের দায়িত্ব

সরকারের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা সংসদ সদস্যদের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, আইন প্রণয়নের পাশাপাশি সরকারি অর্থ ও সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করতেও সংসদ সদস্যদের সক্রিয় ভূমিকা রাখতে হবে। একটি শক্তিশালী ও কার্যকর সংসদই গণতন্ত্রের প্রাণকেন্দ্র।

রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদের শপথ কক্ষে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাস্তবায়িত ‘স্ট্রেংদেনিং ইনস্টিটিউশনস, পলিসিস অ্যান্ড সার্ভিসেস (এসআইপিএস)’ প্রকল্পের আওতায় আয়োজিত এক ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং সরকারি সম্পদ ব্যবস্থাপনায় সংসদীয় তদারকি জোরদারকরণ’ শীর্ষক এ আয়োজনে স্পিকার বলেন, সময়ের সঙ্গে সরকারি উন্নয়ন প্রকল্পের পরিধি বাড়ছে। একই সঙ্গে এসব প্রকল্প বাস্তবায়নে কারিগরি ও প্রশাসনিক জটিলতাও বৃদ্ধি পাচ্ছে। ফলে প্রকল্পের কার্যক্রম পর্যবেক্ষণ, সরকারি ক্রয়প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখা এবং বরাদ্দ করা সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করা জরুরি।

তিনি বলেন, জনপ্রতিনিধি হিসেবে সংসদ সদস্যদের এসব বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কর্মশালায় অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা সংসদীয় তদারকি জোরদার এবং সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, জাতীয় উন্নয়ন ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের ক্ষেত্রে শুধু বাজেট বরাদ্দ কিংবা সরকারি ব্যয়ের পরিমাণ বিবেচনা করলেই চলবে না। বরাদ্দ করা অর্থের প্রকৃত সুফল সাধারণ মানুষ ও উপকারভোগীদের কাছে পৌঁছাচ্ছে কি না, তা নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে সংসদীয় তদারকি, স্বচ্ছতা ও জবাবদিহির কোনো বিকল্প নেই।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে চিফ হুইপ বলেন, দারিদ্র্য বিমোচন ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে ফ্যামিলি কার্ড, কৃষকের ঋণের সুদ মওকুফ এবং কৃষক কার্ড চালুসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসব কর্মসূচির মূল উদ্দেশ্য প্রান্তিক জনগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থার উন্নয়ন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে ভূমিকা রাখা।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে ১৫৩ জন সংসদ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। দীর্ঘ ১১ বছর পর একটি নির্বাচিত সংসদে জনপ্রতিনিধিদের দায়িত্ববোধ, দায়বদ্ধতা ও জবাবদিহি বেড়েছে।

তিনি আরও বলেন, যেভাবে ফ্যাসিবাদকে বিতাড়িত করা সম্ভব হয়েছে, একইভাবে সম্মিলিত প্রচেষ্টায় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনও সম্ভব হবে।

অনুষ্ঠানে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিভেন রদ্রিগেজ বক্তব্য দেন। পরে স্পিকার কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

আরও পড়ুন