শনিবার ২৭ জুন, ২০২৬

‎ব্রাহ্মণপাড়ায় ​ক্যান্সার আক্রান্ত শিশু সাজিদের পাশে চেয়ারম্যান প্রার্থী মোঃ আরিফুল ইসলাম, দিলেন আর্থিক সহায়তা

মোঃ বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি

‎ব্রাহ্মণপাড়ায় ​ক্যান্সার আক্রান্ত শিশু সাজিদের পাশে চেয়ারম্যান প্রার্থী মোঃ আরিফুল ইসলাম, দিলেন আর্থিক সহায়তা
‎ব্রাহ্মণপাড়ায় ​ক্যান্সার আক্রান্ত শিশু সাজিদের পাশে চেয়ারম্যান প্রার্থী মোঃ আরিফুল ইসলাম, দিলেন আর্থিক সহায়তা/ছবি: প্রতিনিধি

‎মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত এক অসহায় শিশুর চিকিৎসার দায়িত্ব নিয়ে মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আরিফুল ইসলাম।

‎​পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের কল্পবাস মধ্যপাড়া গ্রামের অটোরিক্সাচালক হালিম মিয়া ও গৃহিনী স্বপ্না বেগম দম্পতির ৬ মাস বয়সী শিশু ছেলে সাজিদ রেটিনোব্লাস্টোমা ( চোখের ক্যান্সার) রোগে ভুগছে।

দিনমজুর বাবার পক্ষে তার ব্যয়বহুল চিকিৎসার খরচ চালানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। টাকার অভাবে শিশুটির চিকিৎসা বন্ধ হওয়ার উপক্রম হলে বিষয়টি চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আরিফুল ইসলাম এর নজরে আসে।

​খবর পেয়ে তিনি তাৎক্ষণিকভাবে শিশুটির খোঁজখবর নিতে তার বাড়িতে ছুটে যান। পরিবারের অসহায়ত্বের কথা শুনে তিনি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য নগদ আর্থিক সহায়তা প্রদান করেন। একই সাথে ভবিষ্যতে শিশুটির চিকিৎসা চলমান রাখতে পাশে থাকার আশ্বাস দেন তিনি। ​

এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ কাউছার আলম, সমাজসেবক মোঃ শাহ আলম, সমাজসেবক মোঃ রৌফ মিয়া, শাহজালাল সরকার, মো. মিজানুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সামাজিক নেতৃবৃন্দরা। ​

এই বিষয়ে চেয়ারম্যান প্রার্থী মোঃ আরিফুল ইসলাম বলেন, জনপ্রতিনিধিত্বের মূল উদ্দেশ্যই হলো মানুষের সেবা করা। এই নিষ্পাপ শিশুটির কষ্টের কথা শুনে আমি স্থির থাকতে পারিনি। সমাজের বিত্তবান সবারই উচিত যার যার অবস্থান থেকে এই অসহায় পরিবারটির পাশে দাঁড়ানো। আমাদের সামান্য সহযোগিতাই পারে একটি মূল্যবান প্রাণ বাঁচিয়ে দিতে।

চেয়ারম্যান প্রার্থী মোঃ আরিফুল ইসলাম এর এই মানবিক উদ্যোগে আবেগাপ্লুত হয়ে শিশুটির বাবা-মা অশ্রুসিক্ত নয়নে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, টাকার অভাবে যখন সন্তানের চিকিৎসা বন্ধ হতে চলেছিল, তখন আরিফুল ইসলাম ভাই আমাদের পাশে দেবদূতের মতো দাঁড়িয়েছেন। আমরা তার এই ঋণ কখনো ভুলবো না। ​

এদিকে একজন চেয়ারম্যান প্রার্থীর এমন ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসিত হয়েছে। স্থানীয় সাধারণ মানুষ ও ভোটাররা বলছেন, নির্বাচনের আগেই যিনি এভাবে বিপদে মানুষের পাশে দাঁড়ান, তিনিই প্রকৃত জনপ্রতিনিধি হওয়ার যোগ্য।

আরও পড়ুন