
ফেনীর ফতেহপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরএআরবি)-৯, চট্টগ্রামে কর্মরত ওয়ারেন্ট অফিসার ডেপুটি মোহাম্মদ আলমগীর নিহত হয়েছেন। তিনি বিবাহিত ও পাঁচ সন্তানের জনক ছিলেন।
রোববার (৪ অক্টোবর) রাত আনুমানিক ১টার দিকে ফেনী সদর থানাধীন ফতেহপুরের স্টার লাইন ফুয়েল পাম্পের পাশের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
এসআরএআরবি-৯-এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদকসংক্রান্ত তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের একটি অভিযানিক দল ওই এলাকায় চেকপোস্ট স্থাপন করে। চেকপোস্ট চলাকালে একটি দ্রুতগতির ট্রাক সেখানে থাকা একটি কাভার্ডভ্যানকে সজোরে ধাক্কা দেয়।
এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সড়ক থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা ওয়ারেন্ট অফিসার ডেপুটি মোহাম্মদ আলমগীরকে চাপা দিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। একই ঘটনায় ট্রাকচালকও আহত হন।
পরে আহত দুজনকে দ্রুত ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত আনুমানিক দেড়টার দিকে ডেপুটি মোহাম্মদ আলমগীরকে মৃত ঘোষণা করেন। ট্রাকচালক বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত মোহাম্মদ আলমগীরের স্থায়ী ঠিকানা নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার মনাটিয়া গ্রামে। তার মাতৃ ইউনিট ১৪ বীর, যশোর সেনানিবাস।
তার মৃত্যুতে এসআরএআরবি-৯, চট্টগ্রামে কর্মরত সহকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।








