রবিবার ৪ অক্টোবর, ২০২৬

চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৩ গ্রেপ্তার, অভিভাবকের জিম্মায় ২১ কিশোর

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla - Three arrested with drugs and 21 juveniles handed over to guardians during a special police drive in Chandpur.
চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৩ গ্রেপ্তার, অভিভাবকের জিম্মায় ২১ কিশোর/ছবি: সংগৃহীত

চাঁদপুরের মতলব উত্তরে মাদক ও কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান চালিয়ে তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই অভিযানে ২১ কিশোরকে আটক করে পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই শেষে অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যার পর থেকে রাত ১২টা পর্যন্ত মতলব উত্তর থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। রোববার (৪ অক্টোবর) সকাল ১০টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছে মতলব উত্তর থানা পুলিশ।

পুলিশ জানায়, মাদকসহ গ্রেপ্তার তিনজন হলেন—মো. সবুজ (৩৩), নুরুল ইসলাম ওরফে কৃষ্ণা (৩৫) এবং দেলোয়ার হোসেন ওরফে দেলু (৪৯)।

অভিযানে তাদের কাছ থেকে মোট ৫৫ পিস ইয়াবা ও বিভিন্ন পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে। পৃথকভাবে একজনের কাছ থেকে ২০ গ্রাম গাঁজা, আরেকজনের কাছ থেকে ৫৫ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজা এবং অপরজনের কাছ থেকে ২২ পিস ইয়াবা ও ৯০ গ্রাম গাঁজা উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে।

অন্যদিকে, কিশোর গ্যাংবিরোধী অভিযানে ২১ কিশোরকে থানায় এনে তাদের পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই করা হয়। পরে অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ায় তাদের প্রকৃত অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমানের সার্বিক নির্দেশনায় অভিযানে নেতৃত্ব দেন মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব ও মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া।

মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে জানিয়ে সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব বলেন, মতলব উত্তর থানায় সম্প্রতি নতুন অফিসার যোগ দিয়েছেন। তাঁর নেতৃত্বে মাদকবিরোধী অভিযান আরও গতিশীল হবে বলে আশা করছি।

আরও পড়ুন