
ফেনী পৌরসভার নাগরিকদের সমস্যা সমাধান ও বিভিন্ন পৌরসেবা দ্রুত এবং সহজে পাওয়ার সুযোগ তৈরি করতে চালু হয়েছে নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ‘মাই ফেনী’। এর মাধ্যমে এক ক্লিকেই নাগরিকরা বিভিন্ন সমস্যার কথা জানানো, সেবার জন্য আবেদন এবং এর অগ্রগতি তদারকি করতে পারবেন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে ফেনী পৌর মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অ্যাপটির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, পৌরবাসীকে ভোগান্তিমুক্ত ও দ্রুততম সময়ে সেবা প্রদান করাই বর্তমান প্রশাসনের মূল লক্ষ্য। ‘মাই ফেনী’ অ্যাপের মাধ্যমে নাগরিক সমস্যা ও পৌরসেবাকে ডিজিটালাইজড করার উদ্যোগটি অত্যন্ত সময়োপযোগী।
তিনি বলেন, নাগরিকরা যেন শুধু অভিযোগ জানিয়েই দায়িত্ব শেষ না করেন, বরং তাদের অভিযোগের দ্রুত ও গুণগত সমাধান নিশ্চিত করতে হবে। প্রযুক্তি কাজকে সহজ করেছে। তবে প্রযুক্তির সুফল পেতে সেবাদাতাদের সদিচ্ছা ও দায়িত্বশীলতা জরুরি।
জেলা প্রশাসক আরও বলেন, এই অ্যাপ ব্যবহারের মাধ্যমে নাগরিকদের সময় ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি পৌরসেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও স্মার্ট ফেনী গঠনে ‘মাই ফেনী’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, ‘মাই ফেনী’ অ্যাপটি ফেনী পৌরসভার ডিজিটাল সেবা সম্প্রসারণে একটি বড় পদক্ষেপ। এর মাধ্যমে পৌরবাসী এক ক্লিকেই নাগরিক সমস্যার কথা জানাতে পারবেন এবং দ্রুত সেবা পাওয়ার সুযোগ পাবেন।
ফেনী পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের ফেনীর উপপরিচালক মো. দিদারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা, জেলা আইসিটি কর্মকর্তা সাইফ মো. জুলকার নাঈন চৌধুরী এবং সদর উপজেলা আইসিটি কর্মকর্তা মো. রাশেদুল আলম।
অ্যাপটি চালু ও বাস্তবায়নে কারিগরি সহায়তা এবং সার্বিক সহযোগিতা করেন ইনোভেশন আইটির সিইও খুরশিদ আলম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফেনী পৌরসভার নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাকির উদ্দিন, পৌর নির্বাহী কর্মকর্তা মো. সামছুদ্দিন, মেডিকেল অফিসার ডা. কৃষ্ণ পদ সাহা, প্রশাসনিক কর্মকর্তা এস.এম. শরফত উল্যাহ চৌধুরীসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকরা।
অনুষ্ঠানে ‘মাই ফেনী’ অ্যাপের ব্যবহারবিধি ও বিভিন্ন ফিচার প্রদর্শন করা হয়। অ্যাপটির মাধ্যমে ড্রেনেজ ব্যবস্থা, ময়লা নিষ্কাশন, সড়কবাতি মেরামতসহ পৌরসভার বিভিন্ন নাগরিক সুবিধার জন্য সরাসরি আবেদন করা যাবে। পাশাপাশি আবেদনের অগ্রগতিও তদারকি করার সুযোগ থাকবে।
অনুষ্ঠানে ৩৬ বছর চাকরি শেষে অবসরে যাওয়া ফেনী পৌরসভার এক পরিচ্ছন্নতাকর্মীকে সম্মাননা দেওয়া হয়। এছাড়া কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সম্মাননা তুলে দেন অতিথিরা।









