বুধবার ২১ অক্টোবর, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় গরুর ঘাস কাটা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla - Two groups clash in Brahmanbaria over the cutting of grass for cattle, using flashlights during the altercation.
ব্রাহ্মণবাড়িয়ায় গরুর ঘাস কাটা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষ/ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গরুর জন্য ঘাস কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২০ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বড্ডাপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে বড্ডাপাড়া এলাকার আলমগীর নামের এক ব্যক্তি গ্রামের একটি জমিতে গরুর জন্য ঘাস কাটতে যান। এ সময় একই এলাকার ফারুক ও হুমায়ুন তাঁদের জমি থেকে ঘাস কাটার অভিযোগে আলমগীরকে মারধর করেন। এ ঘটনাকে কেন্দ্র করে দিনভর উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করে।

পরে সন্ধ্যায় বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার জন্য গ্রামে সালিশ বৈঠকের আয়োজন করা হয়। তবে বৈঠক চলাকালে বাকবিতণ্ডার একপর্যায়ে উভয় পক্ষের লোকজন ট্যাঁটা, হাঁসুয়াসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

রাতের অন্ধকারে টর্চলাইটের আলো জ্বালিয়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। আহত ব্যক্তিদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নতুন করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন