বুধবার ২১ অক্টোবর, ২০২৬

ফেনীতে ছেলেকে মাদক কারবারিদের সঙ্গে মিশতে নিষেধ, প্রাণ গেল বাবার

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - In Feni, a father lost his life after forbidding his son from associating with drug dealers.
ফেনীতে ছেলেকে মাদক কারবারিদের সঙ্গে মিশতে নিষেধ, প্রাণ গেল বাবার/ছবি: সংগৃহীত

ফেনীর সোনাগাজীতে মাদক কারবারিদের সঙ্গে মেলামেশায় ছেলেকে নিষেধ করা এবং তাদের বিরুদ্ধে প্রতিবাদ করায় হামলার শিকার হয়েছেন মোহাম্মদ হানিফ (৫৫) নামের এক দিনমজুর।

দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রিয়াদ (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত মোহাম্মদ হানিফ সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের চরচান্দিয়া গ্রামের আবদুল আহাদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মেয়ের বিয়ের খরচের জন্য দিনমজুর হানিফ নিজের ঘরের আলমারিতে ২০ হাজার টাকা জমিয়ে রেখেছিলেন। অভিযোগ রয়েছে, তাঁর ছেলে মেহেরাজ স্থানীয় কয়েকজন মাদক কারবারির সঙ্গে মিশে ওই টাকা চুরি করে খরচ করে ফেলেন। এ ঘটনায় ছেলেকে শাসন করার পাশাপাশি মাদক কারবারিদের সঙ্গে মেলামেশা করতে নিষেধ করেন হানিফ।

এতে ক্ষিপ্ত হয়ে গত ৯ অক্টোবর শুক্রবার জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে মাদক কারবারিরা তাঁর ওপর হামলা চালান বলে অভিযোগ উঠেছে।

নিহতের পরিবারের অভিযোগ, পূর্বপরিকল্পিতভাবে বেলায়েত হোসেন মামুন, তাঁর সহযোগী মো. শুভ ও রিয়াদসহ ৪ থেকে ৫ জন দেশীয় অস্ত্র দিয়ে হানিফকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার ভোরে তাঁর মৃত্যু হয়। বুধবার (২১ অক্টোবর) ময়নাতদন্ত শেষে তাঁর মরদেহ দাফন করার কথা রয়েছে।

এ বিষয়ে সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হাসিম জানান, এ ঘটনায় নিহতের স্ত্রী জেসমিন আক্তার বাদী হয়ে পাঁচজনকে আসামি করে থানায় এজাহার দায়ের করেছেন। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করেছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন