শনিবার ২৮ নভেম্বর, ২০২৬

প্রেমের টানে কুমিল্লার দেবিদ্বারে এলেন চীনা যুবক, রাজি নয় পরিবার

নিজস্ব প্রতিবেদক

RisingCumilla - Chinese man arrives in Debidwar, Cumilla, for love, his family does not approve
প্রেমের টানে কুমিল্লার দেবিদ্বারে এলেন চীনা যুবক, রাজি নয় পরিবার/ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়, এরপর প্রেম। সেই প্রেমের টানেই সুদূর চীন থেকে প্রেমিকার বাড়িতে ছুটে এসেছিলেন ৩৫ বছর বয়সী চীনা যুবক জেকুইন। উদ্দেশ্য ছিল প্রেমিকাকে বিয়ে করে নিজ দেশে নিয়ে যাওয়া। তবে শেষ পর্যন্ত পরিবারের অসম্মতিতে পূরণ হয়নি তাঁর সেই ইচ্ছা। পুলিশের সহযোগিতায় বিয়ে ছাড়াই প্রেমিকার বাড়ি ছেড়ে চলে যেতে হয়েছে তাঁকে।

শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের সুলতানপুর গ্রামে প্রেমিকা নুসরাত জাহান তামান্নার (১৯) বাড়িতে হাজির হন জেকুইন। চীন থেকে এক যুবক প্রেমিকার বাড়িতে এসেছেন—এ খবর ছড়িয়ে পড়লে তাঁকে একনজর দেখতে ওই বাড়িতে ভিড় করেন স্থানীয় উৎসুক মানুষ। এ নিয়ে এলাকায় ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়।

জেকুইনের ভাষ্য অনুযায়ী, প্রায় ছয় মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যম উইচ্যাটের মাধ্যমে তামান্নার সঙ্গে তাঁর পরিচয় হয়। তামান্না সুলতানপুর গ্রামের আমির খন্দকারের মেয়ে। অনলাইনে কথাবার্তার একপর্যায়ে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

প্রেমিকার সঙ্গে সরাসরি দেখা করা এবং তাঁকে বিয়ে করার উদ্দেশ্যে গত ১৯ নভেম্বর চীন থেকে বাংলাদেশে আসেন জেকুইন। ঢাকার একটি আবাসিক হোটেলে অবস্থানের পর শুক্রবার সরাসরি চলে যান তামান্নার গ্রামের বাড়িতে।

অন্যদিকে, তামান্নাও ওই চীনা যুবককে বিয়ে করে চীনে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন। তবে তাঁর মা-বাবা ও স্থানীয় লোকজন এ বিয়েতে সম্মতি দেননি। এ নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘ আলোচনা হলেও পরিবারের আপত্তি কাটেনি। একপর্যায়ে পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসন ও পুলিশকে খবর দেওয়া হয়। পরে শুক্রবার মধ্যরাতে পুলিশের সহযোগিতায় বাড়ি ছেড়ে চলে যান জেকুইন।

তামান্নার বাবা আমীর হোসেন বলেন, ‘আমরা দরিদ্র মানুষ। মেয়ের সঙ্গে ওই যুবকের মোবাইল ফোনে পরিচয় হয়েছে। যুবক এক মাসের ভ্রমণ ভিসা নিয়ে বাংলাদেশে এসেছেন। বিয়ের জন্য তার পরিবার ও সংশ্লিষ্ট দেশের আইনগত সম্মতিপত্র নিয়ে এলে মেয়েকে বিয়ে দেওয়ার বিষয়টি বিবেচনা করব।’

এ বিষয়ে ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম জানান, চীনা যুবক আসার খবর পেয়ে তিনি ওই বাড়িতে যান। যুবক এক মাসের ভ্রমণ ভিসা নিয়ে বাংলাদেশে এসেছেন। তবে বিয়ের বিষয়ে কোনো অনুমতিপত্র তাঁর কাছে ছিল না। এ ছাড়া বিভিন্ন সময়ে বিয়ের পর ব্ল্যাকমেলের ঘটনা ঘটছে বলেও উল্লেখ করেন তিনি। তামান্নার পরিবার বিয়েতে রাজি না হওয়ায় পুলিশের সহযোগিতায় রাতেই ওই যুবক গ্রাম ছেড়ে চলে যান।

এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, চীনা যুবক আসার খবর পেয়ে তাঁর নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে যে তরুণীর বাড়িতে তিনি এসেছিলেন, তাঁর পরিবার বিয়েতে সম্মতি না দেওয়ায় শুক্রবার রাতেই ওই যুবক বাড়ি ছেড়ে চলে যান।

আরও পড়ুন