বুধবার ২৪ জুন, ২০২৬

পেনশন ভোগান্তি কমাতে ওপিটিএমএস চালু করছে সরকার: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

রাইজিং কুমিল্লা ডেস্ক

RisingCumilla -Government is introducing OPTMS to reduce pension suffering- State Minister for Public Administration
পেনশন ভোগান্তি কমাতে ওপিটিএমএস চালু করছে সরকার: জনপ্রশাসন প্রতিমন্ত্রী/ছবি : সংগৃহীত

পেনশন আবেদন ও মঞ্জুরির ক্ষেত্রে দীর্ঘদিনের ভোগান্তি ও জটিলতা কমাতে সরকার ‘অনলাইন পেনশন ট্র্যাকিং অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম’ (ওপিটিএমএস) চালু করেছে বলে জানিয়েছেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

তিনি বলেন, নতুন এ ব্যবস্থার মাধ্যমে পেনশনভোগীরা ডিজিটাল পদ্ধতিতে আবেদন জমা দিতে পারবেন, আবেদনের অগ্রগতি অনুসরণ করতে পারবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থাপনাও সম্পন্ন করতে পারবেন। এর ফলে সময় ও হয়রানি কমার পাশাপাশি সেবার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।

মঙ্গলবার (২৩ জুন) সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ‘অনলাইন পেনশন ট্র্যাকিং অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম’ বিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বুধবার (২৪ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রতিমন্ত্রী বলেন, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা পেনশন সংক্রান্ত কাজে প্রায়ই বিলম্ব, প্রক্রিয়াগত জটিলতা এবং অপ্রয়োজনীয় অফিস যাতায়াতের মুখোমুখি হন। ওপিটিএমএস চালু হলে ঘরে বসেই অনলাইনের মাধ্যমে আবেদন করা এবং আবেদনের সর্বশেষ অবস্থা জানা সম্ভব হবে। এতে দ্রুত সময়ে পেনশন প্রাপ্তির সুযোগও বাড়বে।

তিনি আরও বলেন, সরকারি অফিসে সরাসরি না গিয়ে অনলাইনে সেবা গ্রহণের সুযোগ তৈরি হলে তা দুর্নীতি কমানোর কার্যকর হাতিয়ার হিসেবে কাজ করবে।

এ সময় শতভাগ পেনশন সমর্পণকারী পেনশনভোগীদের বিষয়ে তিনি বলেন, বর্তমান বিধান অনুযায়ী ১৫ বছরের পুনঃস্থাপন মেয়াদ শেষ হওয়ার আগে কোনো পেনশনভোগীর মৃত্যু হলে তার পরিবার পেনশন পুনঃস্থাপনের সুবিধা পায় না। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি ন্যায্যতা নিশ্চিত করতে এ নীতি পুনর্বিবেচনার সুযোগ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন