বুধবার ২৬ আগস্ট, ২০২৬

পাকিস্তানে হাসপাতালে আগুন লেগে ১৫ নবজাতকের মৃত্যু

রাইজিং কুমিল্লা ডেস্ক

RisingCumilla -15 newborns die in hospital fire in Pakistan.
পাকিস্তানে হাসপাতালে আগুন লেগে ১৫ নবজাতকের মৃত্যু/ছবি: রয়টার্স

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি হাসপাতালের গায়নোকোলজি ওয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫ নবজাতক শিশুর মৃত্যু হয়েছে। অগ্নিকাণ্ডের সময় ওই ওয়ার্ডে ১৬ জন নবজাতক ছিল। তাদের মধ্যে মাত্র একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ ও ডনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বুধবার স্থানীয় সময় ভোর ৬টা ৪৫ মিনিটে পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিমস)-এর আওতাধীন একটি হাসপাতালের চতুর্থ তলায় গায়নোকোলজি ওয়ার্ডে আগুন লাগে।

ইসলামাবাদ পুলিশের প্রাথমিক তথ্যমতে, নবজাতকদের রাখা কক্ষে থাকা এসি বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই ১৫ নবজাতকের মৃত্যু হয়।

হাসপাতালের মুখপাত্র ডা. আনীজা জলিল জানান, আগুন লাগার খবর পেয়ে কয়েকজন চিকিৎসক দ্রুত ওই কক্ষে ছুটে যান। তবে আগুনের তীব্রতার কারণে তারা মাত্র একজন শিশুকে উদ্ধার করতে সক্ষম হন।

ঘটনার কারণ ও দায়ীদের শনাক্ত করতে ইসলামাবাদ পুলিশ তদন্ত কমিটি গঠন করেছে।

সূত্র: জিও নিউজ, ডন

আরও পড়ুন