
কুমিল্লার যে এলাকায় আমি থাকি, সেখানে এখন একের পর এক বহুতল ভবন উঠছে। অবশ্য পুরো কুমিল্লা শহরজুড়েই চলছে নির্মাণকাজের ব্যস্ততা। আমি যে ভবনে থাকি, তার সামনেও একটি নতুন ভবন নির্মাণ করা হচ্ছে। বাসা থেকে বের হয়ে মূল সড়কে যেতে হলে সেই নির্মাণাধীন ভবনের গা ঘেঁষেই হাঁটতে হয়। প্রতিদিনের এই পথচলা যে আমাকে মৃত্যুর এত কাছে নিয়ে যাবে, তা কখনো ঘুণাক্ষরেও ভাবিনি।
সেদিন বিকেলে টিউশনের জন্য বাসা থেকে বের হচ্ছিলাম। কয়েক পা এগোতেই হঠাৎ একটি ইট আছড়ে পড়ল ঠিক আমার দুই হাত পাশে। মুহূর্তেই থমকে দাঁড়ালাম। কী ঘটল, বুঝতেই কয়েক সেকেন্ড লেগে গেল। সঙ্গে সঙ্গে ওপরে তাকালাম। নির্মাণাধীন ভবনটির পাঁচতলা থেকে একজন শ্রমিক নিচে উঁকি দিচ্ছিলেন। আমার চোখে চোখ পড়তেই তিনি সরে গেলেন। বুঝলাম, ইটটি কারও গায়ে পড়েছে কি না, তা নিশ্চিত হওয়ার জন্যই তিনি তাকিয়েছিলেন। আমার গায়ে ইট না পড়ায় তিনিও যেন স্বস্তির নিশ্বাস ফেললেন।
ঘটনার পরপরই ভবনের মালিকের কাছে গিয়ে অনুরোধ করলাম, যথাযথ নিরাপত্তাব্যবস্থা নিয়ে যেন নির্মাণকাজ চালানো হয়। তিনি আশ্বাস দিলেন, ব্যবস্থা নেবেন। কিন্তু এই লেখা যখন লিখছি, তখন ঘটনার তৃতীয় দিন। এখনো কোনো দৃশ্যমান নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়নি। মানুষ আগের মতোই একই পথ দিয়ে, একই ঝুঁকি মাথায় নিয়ে চলাচল করছে। বুঝতে পারলাম, আমার অনুরোধ বাড়ির মালিকের কাছে কোনো গুরুত্বই পায়নি।
আল্লাহ তায়ালা সেদিন আমাকে বড় বিপদ থেকে রক্ষা করেছেন। ওই মুহূর্তের আতঙ্ক আমার সহজে কাটেনি। টিউশনে গিয়েও সেদিন মন বসাতে পারিনি। বাসায় ফিরে বিষয়টি নিয়ে অনলাইনে খোঁজ শুরু করলাম। যা পেলাম, তাতে শিউরে উঠলাম। দু-একটা ঘটনা আপনাদের সঙ্গে না বলে পারছি না।
চলতি বছরের ১৩ মার্চ রাজধানীর মগবাজারের মধুবাগে ঝড়-বৃষ্টির মধ্যে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে ইটের অংশ মাথায় পড়ে মারা যান রাশেদা বেগম (৩৫)। বাসাবাড়িতে কাজ শেষে তিনি বাড়ি ফিরছিলেন। স্বামী ও পাঁচ সন্তানকে রেখে তাঁর এই চলে যাওয়া একটি পরিবারের জীবনে যে শূন্যতা তৈরি করেছে, তা কোনো ক্ষতিপূরণে পূরণ হওয়ার নয়। [সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, ১৩ মার্চ ২০২৬]
এর কিছুদিন আগে, ২২ জানুয়ারি গুলশানে দুপুরে ফুটপাতে দাঁড়িয়ে সহকর্মীর সঙ্গে কথা বলার সময় নির্মাণাধীন ভবন থেকে পড়া লোহার রডের আঘাতে প্রাণ হারান আশফাক চৌধুরী পিপলু। তিনি একটি বহুজাতিক প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। এ ঘটনায় তাঁর পরিবার নির্মাণ প্রতিষ্ঠানের তিন কর্তাব্যক্তির বিরুদ্ধে অবহেলাজনিত মৃত্যুর মামলা করেছে। [সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, ২৫ জানুয়ারি ২০২৬
২০২৫ সালের ২২ ফেব্রুয়ারি তেজগাঁওয়ে পাঁচতলা নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে মারা যান আক্তার হোসেন (৫২)। ঝড়-বৃষ্টির মধ্যে বাড়ি ফেরার সময় তাঁর মাথায় ইটটি পড়ে। [সূত্র: দ্য ডেইলি স্টার, ২২ ফেব্রুয়ারি ২০২৫]
এই মানুষগুলোর কেউই নির্মাণস্থলে কাজ করতে যাননি। কেউ ফিরছিলেন বাড়ি, কেউ কর্মস্থলের সামনে দাঁড়িয়ে ছিলেন। তাঁদের কোনো অপরাধ ছিল না। তাঁরা কেবল একটি অনিরাপদ নির্মাণস্থলের পাশ দিয়ে হেঁটেছিলেন। অথচ সেই সাধারণ পথচলাই তাঁদের জীবনের শেষ যাত্রা হয়ে উঠেছে।
প্রশ্ন হলো, এমন দুর্ঘটনা বারবার ঘটছে কেন? কেন নির্মাণাধীন ভবনের পাশ দিয়ে হাঁটতে গিয়ে একজন নাগরিককে নিজের জীবন নিয়ে শঙ্কিত থাকতে হবে?
এর পেছনে প্রথমেই আসে নিরাপত্তাব্যবস্থাকে বাড়তি খরচ হিসেবে দেখার প্রবণতা। সুরক্ষা জাল, শক্ত বেড়া, ফুটপাত ঢেকে নিরাপদ চলাচলের ব্যবস্থা—এসব করতে অর্থ লাগে। অনেক মালিক ও ঠিকাদার হয়তো সেই খরচ এড়িয়ে যেতে চান। কিন্তু কয়েক হাজার টাকা বাঁচানোর এই চেষ্টা যে একজন মানুষের জীবন কেড়ে নিতে পারে, সেই হিসাবটি তাঁরা করেন না। ভবন নির্মাণের খরচের মধ্যে নিরাপত্তার খরচও থাকা উচিত; এটি কোনো ঐচ্ছিক বিষয় নয়।
দ্বিতীয়ত, নির্মাণকাজে নিরাপদ পদ্ধতি অনুসরণের অভাব রয়েছে। ওপর থেকে ইট, রড কিংবা অন্যান্য নির্মাণসামগ্রী নিচে নামানোর সময় যথাযথ সতর্কতা না থাকলে তা পথচারীর জন্য প্রাণঘাতী হয়ে উঠতে পারে। শ্রমিকদের নিরাপদ কাজের প্রশিক্ষণ দেওয়া এবং তাঁদের জন্য প্রয়োজনীয় সুরক্ষাসামগ্রী নিশ্চিত করা মালিক ও ঠিকাদারের দায়িত্ব। শ্রমিকের নিজের নিরাপত্তা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি নির্মাণস্থলের আশপাশে থাকা মানুষের নিরাপত্তাও সমান গুরুত্বপূর্ণ।
তৃতীয়ত, তদারকির দুর্বলতা আমাদের চোখে পড়ে। একটি ভবনের নকশা অনুমোদন দেওয়ার পর নির্মাণকাজ কতটা নিরাপদে হচ্ছে, তা নিয়মিত পর্যবেক্ষণ করা জরুরি। শুধু অনুমোদিত নকশা থাকলেই একটি ভবন নিরাপদ হয়ে যায় না। নির্মাণের প্রতিটি ধাপে প্রকৌশলগত তদারকি ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কর্তৃপক্ষের পরিদর্শন যদি কেবল কাগজে-কলমে সীমাবদ্ধ থাকে, তাহলে বাস্তবে নিয়ম মানানোর সুযোগ কোথায়?
এর সঙ্গে যুক্ত হয়েছে জবাবদিহির অভাব। দুর্ঘটনা ঘটার পর অনেক ক্ষেত্রেই ক্ষতিগ্রস্ত পরিবারকে অভিযোগ, মামলা ও ক্ষতিপূরণের জন্য নানা জায়গায় ছুটতে হয়। অথচ নিরাপত্তার ঘাটতি যদি নির্মাণস্থলেই দৃশ্যমান থাকে, তাহলে দুর্ঘটনার অপেক্ষা কেন? কর্তৃপক্ষের উচিত আগেই ব্যবস্থা নেওয়া, যাতে কোনো পরিবারকে প্রিয়জন হারানোর পর ন্যায়বিচারের জন্য দীর্ঘ পথ পাড়ি দিতে না হয়।
বাংলাদেশের আইনে নির্মাণাধীন ভবন নিয়ে কোনো বিধান আছে কি না, একটু জানার চেষ্টা করলাম। পেয়েও গেলাম। বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডে নির্মাণচর্চা ও নিরাপত্তা নিয়ে আলাদা বিধান রয়েছে। নির্মাণকাজের সময় শ্রমিক, সাধারণ মানুষ ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার কথা সেখানে বলা হয়েছে। অর্থাৎ পথচারীর নিরাপত্তা কোনো দয়া বা অনুগ্রহ নয়; এটি নির্মাণকাজের সঙ্গে সংশ্লিষ্টদের আইনগত ও নৈতিক দায়িত্বের অংশ। কিন্তু নিয়ম থাকা আর নিয়ম কার্যকর হওয়া এক বিষয় নয়। কাগজে নিরাপত্তার বিধান থাকলেও নির্মাণস্থলে তার বাস্তব প্রয়োগ না থাকলে সেই বিধান মানুষের জীবন রক্ষা করতে পারে না।
এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হলে প্রথমেই প্রতিটি নির্মাণস্থলে কার্যকর সুরক্ষা জাল, নিরাপদ বেড়া এবং পথচারীদের জন্য অস্থায়ী ঢাকা ও নিরাপদ চলাচলের পথ নিশ্চিত করতে হবে। এসব ব্যবস্থা ছাড়া ঝুঁকিপূর্ণ নির্মাণকাজ চলতে দেওয়া উচিত নয়। সিটি করপোরেশন, পৌরসভা ও সংশ্লিষ্ট উন্নয়ন কর্তৃপক্ষকে নিয়মিত পরিদর্শন করতে হবে। নিরাপত্তাব্যবস্থায় ঘাটতি পাওয়া গেলে কাজ বন্ধের নির্দেশ দিতে হবে এবং দায়ীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
দুর্ঘটনা ঘটলে শুধু দুঃখ প্রকাশ করলেই দায় শেষ হয়ে যায় না। ভবনমালিক, ঠিকাদার ও সংশ্লিষ্ট দায়িত্বশীলদের অবহেলা প্রমাণিত হলে তাঁদের জবাবদিহির আওতায় আনতে হবে। ক্ষতিগ্রস্ত পরিবারকে ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করার পাশাপাশি ঘটনার নিরপেক্ষ তদন্তও জরুরি। একই সঙ্গে নির্মাণশ্রমিকদের নিরাপদ কাজের প্রশিক্ষণ এবং নাগরিকদের সহজে অভিযোগ জানানোর ব্যবস্থা গড়ে তুলতে হবে।
আমরা উন্নয়ন চাই। চাই আধুনিক নগর, উঁচু ভবন, প্রশস্ত সড়ক এবং সুন্দর আবাসন। কিন্তু সেই উন্নয়নের মূল্য যদি হয় সাধারণ মানুষের জীবন, তাহলে সে উন্নয়নকে আমাদের প্রশ্ন করতেই হবে। একটি শহরের অগ্রগতি শুধু তার ভবনের উচ্চতা দিয়ে মাপা যায় না; মাপতে হয় সেই শহরের রাস্তায় একজন মানুষ কতটা নিরাপদে হাঁটতে পারেন, তা দিয়েও।
সেদিন হয়তো আমি বেঁচে গেছি। কেউ বলবেন, আল্লাহ রক্ষা করেছেন; আমিও তা-ই বিশ্বাস করি। কিন্তু একটি ব্যবস্থার ব্যর্থতার দায় ভাগ্যের ঘাড়ে চাপিয়ে দেওয়া যায় না। রাশেদা বেগম, আশফাক চৌধুরী পিপলু কিংবা আক্তার হোসেনের পরিবার আজ যে শূন্যতার মুখোমুখি, তা আমাদের বারবার মনে করিয়ে দেয়: প্রতিটি দুর্ঘটনা শুধু একটি জীবন কেড়ে নেয় না, কেড়ে নেয় একটি পরিবারের হাসি, উপার্জনের শেষ সম্বল আর হাজারো স্বপ্ন।
একটি ইটের দূরত্বে মৃত্যু দাঁড়িয়ে থাকবে, এমন শহর আমরা চাই না। আমরা নির্মাণ চাই, কিন্তু মানুষের জীবনকে ঝুঁকির মুখে ফেলে নয়। কর্তৃপক্ষকে এখনই যথাযথ পদক্ষেপ নিতে হবে। নইলে আমাদের আরেকটি ইট পড়ার অপেক্ষায় থাকতে হবে, আর সেই ইট কার মাথায় পড়বে, তা কেউ জানে না।
লেখক: মোঃ রায়হানুল বারি রাসেল, শিক্ষার্থী, কুমিল্লা বিশ্ববিদ্যালয়।
সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা।










