
নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডার বাস্তবায়নে যৌথভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে বাংলাদেশ ও ইউএন উইমেন। একই সঙ্গে লিঙ্গ সমতা ও নারীর অধিকার সুরক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে একমত হয়েছে উভয় পক্ষ।
শুক্রবার (১৯ জুন) নিউইয়র্কে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি-জেনারেল ও সিমা বাহাউসের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এ প্রত্যয় ব্যক্ত করেন।
বৈঠকে ইউএন উইমেনের নির্বাহী পরিচালক সিমা বাহাউস নারীর ক্ষমতায়ন ও লিঙ্গ সমতা প্রতিষ্ঠায় বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতির প্রশংসা করেন। তিনি নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা বাস্তবায়নে বাংলাদেশ সরকারের সঙ্গে অংশীদারত্ব আরও গভীর করার আগ্রহ পুনর্ব্যক্ত করেন।
তিনি আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠা ও জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশি নারী শান্তিরক্ষীদের গুরুত্বপূর্ণ অবদানেরও ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশ নির্বাচিত হওয়ায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানান।
জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম নারীর ক্ষমতায়নে বাংলাদেশের দীর্ঘমেয়াদি অঙ্গীকারের কথা তুলে ধরেন। তিনি সাবেক প্রধানমন্ত্রী Khaleda Zia-র উদ্যোগে দেশে নারীদের জন্য অবৈতনিক শিক্ষা চালুর বিষয়টি স্মরণ করেন।
এ ছাড়া বর্তমান সরকারের অধীনে মেয়েদের জন্য স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষা, প্রজনন ও মানসিক স্বাস্থ্যসেবার সম্প্রসারণসহ নারীর সামগ্রিক উন্নয়নে নেওয়া বিভিন্ন উদ্যোগের কথাও উল্লেখ করেন তিনি। এ ধারাবাহিকতা বজায় রাখতে ইউএন উইমেনের আরও ঘনিষ্ঠ ও ফলপ্রসূ সহযোগিতা কামনা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
বৈঠকে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা নারী ও কন্যাশিশুদের জন্য মানবিক সহায়তা কার্যক্রমে চলমান অর্থায়ন সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন শামা ওবায়েদ ইসলাম। তিনি রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং বাস্তুচ্যুত রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের লক্ষ্যে আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখার আহ্বান জানান।
বাংলাদেশ ও ইউএন উইমেনের এ বৈঠককে নারীর ক্ষমতায়ন, লিঙ্গ সমতা এবং মানবিক সংকট মোকাবিলায় ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।










