শুক্রবার ৩ জুলাই, ২০২৬

নবীনগরে মাদক সেবনের অভিযোগে ৩ জনকে আটক

সঞ্জয় শীল, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

নবীনগরে মাদক সেবনের অভিযোগে ৩ জনকে আটক
নবীনগরে মাদক সেবনের অভিযোগে ৩ জনকে আটক/ছবি: প্রতিনিধি

‎ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর সদরের আদালত রোডের কালিবাড়ি সংলগ্ন বাসা বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক সেবন ও অসামাজিক কার্যকলাপের অভিযোগে কয়েকজনকে আটক করেছে নবীনগর থানা পুলিশ।

‎পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২ জুলাই) গভীর রাতে নবীনগর বাজারের বই বিচিত্রা লাইব্রেরির মালিক উদয় শংকরের বাসায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় তার ছেলে চন্দন শংকরসহ ৩ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে একজন নারীও রয়েছেন।

‎নবীনগর থানা পুলিশের দাবি, দীর্ঘদিন ধরে ওই বাসায় গাঁজা ও ইয়াবাসহ বিভিন্ন মাদক সেবনের পাশাপাশি অসামাজিক কর্মকাণ্ড চলছিল। এসব অভিযোগের ভিত্তিতেই অভিযান পরিচালনা করা হয়েছে।

‎নবীনগর থানার ভারপ্রাপ্ত পুলিশ পরিদর্শক (ওসি) মোরশেদুল ইসলাম চৌধুরী জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

‎এদিকে, নবীনগরে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড বৃদ্ধির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা এ ধরনের অপরাধ দমনে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রাখা এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আরও পড়ুন