সোমবার ৭ সেপ্টেম্বর, ২০২৬

১৬ বছর বয়সেই গোল-অ্যাসিস্টে একের পর এক রেকর্ড, আলোচনায় বাংলাদেশি বংশোদ্ভূত কাভান

রাইজিং স্পোর্টস

Rising Cumilla - Kavan
১৬ বছর বয়সেই গোল-অ্যাসিস্টে একের পর এক রেকর্ড, আলোচনায় বাংলাদেশি বংশোদ্ভূত কাভান/ছবি: সংগৃহীত

মেজর লিগ সকারে (এমএলএস) একের পর এক রেকর্ড গড়ছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন ফুটবলার কাভান সুলিভান। মাত্র ১৬ বছর বয়সেই লিগের ইতিহাসে প্রথম টিনেজার হিসেবে টানা পাঁচ ম্যাচে গোল কিংবা অ্যাসিস্ট করার কীর্তি গড়েছেন ফিলাডেলফিয়া ইউনিয়নের এই তরুণ ফরোয়ার্ড।

রোববার (৬ সেপ্টেম্বর) সিএফ মন্ট্রিলের বিপক্ষে ফিলাডেলফিয়া ইউনিয়নের ২-০ গোলের জয়ে দলের দ্বিতীয় গোলটি করেন কাভান। ম্যাচের ৫৭ মিনিটে ড্যানলে জিন জ্যাকেস ফিলাডেলফিয়াকে এগিয়ে দেওয়ার পর ৭৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ১৬ বছর বয়সী এই ফুটবলার।

বক্সের ভেতরে সতীর্থের নেওয়া শট গোলরক্ষকের বাধায় ফিরে এলে দ্রুত বলের অবস্থান বুঝে সেখানে পৌঁছে যান কাভান। এরপর কয়েকজন প্রতিপক্ষ খেলোয়াড়ের বাধা পেরিয়ে প্রথম প্রচেষ্টাতেই বল জালে পাঠান তিনি।

এই গোলের ফলে চলতি মৌসুমে ফিলাডেলফিয়ার হয়ে কাভানের গোলসংখ্যা দাঁড়িয়েছে চারটিতে। এর সঙ্গে রয়েছে সাতটি অ্যাসিস্ট। অর্থাৎ চলতি মৌসুমে দলের ১১টি গোলে সরাসরি অবদান রেখেছেন তিনি।

এ পারফরম্যান্সের মাধ্যমে ১৬ বছর বা তার কম বয়সী খেলোয়াড়দের মধ্যে এক মৌসুমে সবচেয়ে বেশি গোলে অবদানের রেকর্ডও নিজের করে নিয়েছেন কাভান। এর আগে রেকর্ডটি ছিল সাবেক মার্কিন ফুটবলার ফ্রেডি আদুরের। ২০০৫ সালে ১৬ বছর বয়সে চার গোল ও ছয় অ্যাসিস্ট মিলিয়ে ১০টি গোলে অবদান রেখেছিলেন তিনি।

এর আগে টানা চার ম্যাচে গোল কিংবা অ্যাসিস্ট করে এমএলএসে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে রেকর্ড গড়েছিলেন কাভান। তখন তাঁর বয়স ছিল ১৬ বছর ৩৩৬ দিন। এবার আরও এক ম্যাচে গোল করে সেই ধারাকে পাঁচ ম্যাচে নিয়ে গেলেন তিনি।

কাভানের ধারাবাহিক পারফরম্যান্সে ফিলাডেলফিয়া ইউনিয়নের অপরাজিত থাকার দৌড়ও আট ম্যাচে পৌঁছেছে। মাত্র ১৬ বছর বয়সেই এমন অসাধারণ পারফরম্যান্সে এমএলএসে কাভানকে ঘিরে প্রত্যাশাও দ্রুত বাড়ছে।

বাংলাদেশি বংশোদ্ভূত এই তরুণ ফুটবলারের সাম্প্রতিক পারফরম্যান্স শুধু ফিলাডেলফিয়ার সমর্থকদেরই নয়, বাংলাদেশের ফুটবলপ্রেমীদের মধ্যেও তৈরি করেছে বাড়তি আগ্রহ।

আরও পড়ুন